নাসিরকে সাঙ্গাকারার পরামর্শ
‘দ্য ফিনিশার’ নামে পরিচিত নাসির হোসেকে নিজের শক্তি অনুযায়ী ব্যাটিংয়ের পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে চতুর্থ উইকেটে ৬৯ রানের ভালো একটি জুটি গড়েন ঢাকা ডায়নামাইটসের কুমার সাঙ্গাকারা-নাসির হোসেন। ৭.৩ ওভার স্থায়ী এই জুটি গড়ার সময়ই নাসিরকে নানা পরামর্শ দেন অধিনায়ক সাঙ্গাকারা।
বুধবার ৬ উইকেটে হারা এই ম্যাচে রানের গতি বাড়ানোর চেষ্টায় কয়েকবার স্কুপ শট খেলতে গিয়ে ব্যর্থ হন নাসির। এর মধ্যে দুইবার সাঙ্গাকারা এগিয়ে এসে কিছু বলেন নাসিরকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই মিডল অর্ডার ব্যাটসম্যান জানান, সাঙ্গাকারা তাকে নিজের শক্তি অনুযায়ী খেলতে বলেছিলেন।
“২/৩ বল রান না পেলে আমি অনেক সময় চাপে পড়ে যাই। আমি স্কুপ শট খেলার চেষ্টা করছিলাম। ও এসে আমাকে বলেছিল, তোমার যা শক্তি সেই অনুযায়ী খেল। আমি এ পাশে আছি, তোমার যদি সমস্যা হয়, এক রান নিয়ে আমাকে স্ট্রাইক দাও।”
২৩ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৩১ রান করেন নাসির। বিপিএল এখন পর্যন্ত একবারও ত্রিশের ঘর পার হতে পারেননি তিনি। এর ব্যাখ্যায় ঢাকার এই আইকন খেলোয়াড় জানান, পরে আর ব্যাটসম্যান না থাকায় স্বাধীনতা নিয়ে খেলতে পারছেন না তিনি।
