ভয় পেয়ে গিয়েছিলেন জুনায়েদ
বারবার কাছে গিয়ে হারতে হারতে স্নায়ুর বড় পরীক্ষা হয়ে গেছে সিলেট সুপার স্টার্সের ক্রিকেটারদের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জয়ের পর জুনায়েদ সিদ্দিক বলছেন, এবারও ভয় পেয়ে গিয়েছিলে তারা।
টুর্নামেন্টের শুরুর দিকেই শ্বাসরুদ্ধকর কয়েকটি ম্যাচের অভিজ্ঞতা হয়েছে সিলেটের। যেখানে বেশির ভাগ সময়ই তাদের পেতে হয়েছে হারের তেতো স্বাদ। বুধবারও ম্যাচ শেষ হয়েছে ১ বল বাকি থাকতে।
জয়ের জন্য শেষ ওভারে ১০ রান দরকার ছিল সিলেটের। কিন্তু প্রথম ৩ বলে রান এসেছিল মাত্র দুটি, হারাতে হয়েছিল একটি উইকেট। শেষ পর্যন্ত টানা দুই বলে শহিদ আফ্রিদির দুটি ছক্কা জিতিয়েছে সিলেটকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জুনায়েদ বললেন, এবারও ভয় পেয়ে গিয়েছিলেন তারা।
“আমাদের শুরুটাই ছিলো দুর্ভাগ্যের। প্রথম দুই ম্যাচ এক রানের হার, পরে ছয় রানে হেরেছিলাম। বলতে পারেন আমাদের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছিল... মনে হচ্ছিল দলের জন্য কার্ডিওলজিস্ট দরকার!"
অথচ জুনায়েদ আর রবি বোপারার জুটিতে অনায়াসেই জয়ের পথে এগোচ্ছিল সিলেট। ৪৪ বলে ৫১ রান করেছেন জুনায়েদ, ৪০ বলে ৫৫ বোপারা। সহজ ম্যাচটি শেষ পর্যন্ত অনেক কঠিন করে জিতেছে সিলেট।
জুনায়েদের কাছে অবশ্য জয়ের ধরনের চেয়ে জয়টাই গুরুত্বপূর্ণ।
“আমরা হয়তো আরেকটু আগেই এটা শেষ করতে পারতাম। তবে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ। সেটা ১০ বল আগে থাকতেই হোক, বা এক বল আগে হোক।”
