শেষ ম্যাচে আফ্রিদির উপভোগের মন্ত্র
সিলেট সুপার স্টার্সের শেষ চারে থাকা নির্ভর করছে অনেক যদি আর কিন্তুর উপর। অধিনায়ক শহীদ আফ্রিদি তাই প্রাথমিক পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে চান উপভোগের মন্ত্র নিয়ে।
বুধবার দুর্দান্ত এক জয়ে শেষ চারের সম্ভাবনা জিইয়ে রেখেছে সিলেট। শেষ ওভারে আফ্রিদির টানা দুই বলে ছক্কায় তারা হারিয়েছে ঢাকা ডায়নামাইটসকে।
শেষ চারের পথে সিলেটের লড়াইটা এই ঢাকার সঙ্গেই। বৃহস্পতিবার প্রাথমিক পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সিলেটকে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে কামনা করতে হবে বরিশালের বিপক্ষে ঢাকার বড় ব্যবধানে পরাজয়ের।
হিসাব-নিকাশের জটিল ভাবনায় যেতে চান না আফ্রিদি। বুধবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন, শেষ ম্যাচটায় স্রেফ উপভোগ করতে চান তারা।
“সামান্য সম্ভাবনা এখনও আছে আমাদের। আজকে রাতে আমরা বসব, পরিকল্পনা ঠিক করব। আমাদের জিততে হবে। শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে জিততে হবে। ঢাকাকেও হারতে হবে। পুরোটা আমাদের হাতে নেই। পরের রাউন্ড না ভেবে আমরা তাই চেষ্টা করব মাঠে নেমে উপভোগ করতে।”
