২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরহাদের ওভারে ফুলটসেরই আশা ছিল

সিলেট সুপার স্টার্সের ওপেনার জুনায়েদ সিদ্দিক বলেছেন, শেষ ওভারে চাপের মধ্যে ফরহাদ রেজা ফুলটস করবেন বলে ধারণা ছিল তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 08:44 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

পর পর দুই বলে ফরহাদ রেজার দুটি ফুলটসে ছক্কা মেরেই ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সিলেটকে জিতিয়েছেন শহিদ আফ্রিদি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জুনায়েদ সিদ্দিক জানালেন, এরকম কিছু ধারণা তারা ওভারের শুরুতেই করেছিলেন।

“ফরহাদ অবশ্যই দারুণ কার্যকরী এক ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে সবসময়ই দারুণ পারফর্ম করে। কিন্তু শেষ ওভারে তার ওপর চাপ ছিল। জানতাম সে ইয়র্কার মারার চেষ্টা করবে। সেটা করতে গিয়ে দুই-একটি ফুলটস হতেও পারে।”

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল সিলেটের। ফরহাদের করা প্রথম ৩ বলে এসেছিল স্রেফ দুটি সিঙ্গেল, আরেক বলে বোল্ড হয়েছিলেন সোহেল তানভির। কিন্তু পরের দুই বলেই ছক্কা মেরে দলকে জেতান আফ্রিদি।

ফুলটস পেলে আফ্রিদি ফায়দা তুলতে ভুল করবেন না, এই বিশ্বাস ছিল জুনায়েদের।

“ফুলটস পেলে আফ্রিদি সীমানা ছাড়া করতে পারবে বলে বিশ্বাস ছিল। গায়ে সেই জোর তার আছে। সোহেল তানভির আউট হয়ে যাওয়ার পর চাপ তৈরি হয়েছিলো। মুশফিক গিয়েই রান করতে পারতো না এই উইকেটে। তারপরও জিতেছি।”