ফরহাদকে বল দেওয়ার পরামর্শ দিয়েছিলেন নাসির
ইয়াসির শাহ না ফরহাদ রেজা কাকে শেষ ওভারে বল দেবেন দ্বিধায় ছিলেন কুমার সাঙ্গাকারা। নাসির হোসেনের পরামর্শে শেষ পর্যন্ত অধিনায়ক বল তুলে দেন অলরাউন্ডার রেজার হাতে। তবে পর পর দুই ছক্কা হাঁকিয়ে সিলেট সুপার স্টার্সকে দারুণ জয় এনে দেন শহিদ আফ্রিদি।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ওভারে ১০ রান প্রয়োজন ছিল সিলেটের। মুস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভার শেষে মাঠে ছোটখাটো একটা মিটিংই করে ফেলে ঢাকা। সেই সময়ে রেজাকে বল দেওয়ার ব্যাখ্যা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দেন নাসির।
“সাঙ্গাকারা আমাকে জিজ্ঞেস করেছিল, ইয়াসির শাহ করবে না ফরহাদ রেজা করবে। আমি বলেছি ফরহাদ ভাইয়ের কথা। ইয়াসির শাহকে না করানোর কারণ, তখন ক্রিজে সোহেল তানভির, শহিদ আফ্রিদি ছিল। আফ্রিদি স্পিন ভালো খেলে। অনেক কিছুই সম্ভব হত।”
প্রথম তিন বলে দুই রান দিয়ে আশা জাগিয়েছিলেন রেজা। কিন্তু আফ্রিদিকে পরপর দুই ফুলটস দেন এই অলরাউন্ডার। সুযোগ হাতছাড়া করেননি সিলেটের অধিনায়ক, দলকে দারুণ জয় এনে দেন তিনি।
নাসির মনে করেন, শেষ ওভারে রেজা খারাপ বল করেননি, আফ্রিদি ভালো শট খেলে দলকে জয় এনে দিয়েছেন।
