আফ্রিদি ছিলেন বলেই আশা ছিল জুনায়েদের
টানা দুই বলে শহীদ আফ্রিদির ছক্কায় ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে সিলেট সুপার স্টার্স। দলের ওপেনার জুনায়েদ সিদ্দিক বলছেন, আফ্রিদি উইকেটে ছিলেন বলেই ভরসা ছিল তাদের।
৬ উইকেটে জেতা ম্যাচটিতে এক সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে সিলেট। শেষ ২ ওভারে ১৫ রান প্রয়োজন ছিল, হাতে ছিল ৭ উইকেট। কিন্তু ১৯তম ওভারে দারুণ বোলিং করে মাত্র ৫ রান দেন মুস্তাফিজুর রহমান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেটের প্রতিনিধি হয়ে আসা জুনায়েদ জানালেন, মুস্তাফিজের ওভারটিই চাপে ফেলে দিয়েছিল তাদের।
“শেষের আগের ওভার খুবই গুরুত্বপূর্ণ ছিল। মুস্তাফিজ এখন বিশ্বমানের বোলার। আমি তাকে খেলেছি, খুব ভালো জায়গায় বল করে। অনেক বৈচিত্র আছে। তাই ভয় হচ্ছিল। আফ্রিদি ডট বল দিয়ে ফেলতে পারে বলে ভয় পাচ্ছিলাম। সেটাই হয়েছে।”
জুনায়েদ জানালেন, আফ্রিদি উইকেটে ছিলেন বলেই আশা হারায়নি সিলেটের ড্রেসিং রুম।
“ওই ওভারের পরও বিশ্বাস ছিল। কারণ আফ্রিদি অভিজ্ঞ ক্রিকেটার, হাতে জোর আছে। মনে হয়েছিল, সে শেষ পর্যন্ত থাকতে পারলে ফলাফল আমাদের দিকেই আসবে।”
