ওপেনিংয়ে নাসির?
বিপিএলের শেষ দিকে এসেও কোনো নির্ভরযোগ্য উদ্বোধনী খুঁজে পায়নি ঢাকা ডায়নাইমাইটস। উদ্বোধনী জুটি পেতে দল কতটা মরিয়া বোঝাতে মিডল অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন বলেছেন, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তিনি নিজেই ইনিংস উদ্বোধন করতে পারেন।
ঢাকা দলে আছেন চার নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান- শামসুর রহমান, সৈকত আলী, সাদমান ইসলাম ও নাসির জামশেদ। নানা জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এখন ইয়াসির শাহ-ফরহাদ রেজাকে নিয়ে চেষ্টা করছে কুমার সাঙ্গাকারার দল।
এক ম্যাচে ইনিংস উদ্বোধন করেছিলেন অধিনায়ক সাঙ্গাকারাও। সেই ম্যাচে তিনি ৬০ রানের চমৎকার এক ইনিংস খেললেও বরিশাল বুলসের কাছে হেরে যায় দল।
চিটাগং ভাইকিংসের বিপক্ষে সৈকতের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন পাকিস্তানের ইয়াসির, যিনি মূলত একজন লেগ স্পিনার। বুধবার সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ইয়াসিরের সঙ্গে ওপেন করেন অলরাউন্ডার ফরহাদ রেজা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসির জানান, এখনও নির্ভরযোগ্য উদ্বোধনী পাওয়ার চেষ্টায় আছেন তারা।
“আমাদের ওপেনিংটা সেভাবে কাজ করছে না। যেই ওপেনিং করছে না কেন, দেখা যায় একটা ম্যাচে ভালো খেললে পরের দুইটা ম্যাচ খারাপ খেলছে। আমরা এখনও চেষ্টা করছি কোনো ওপেনিং জুটি ভালো সেটা দেখার। কালকে এমন হতে পারে আমি ওপেনিং করতে পারি।”
বৃহস্পতিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে খেলবে ঢাকা।
