২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগংকে বিদায় করে শেষ চারের দুয়ারে ঢাকা

প্রথম দল হিসেবে শেষ চারের আগে এবারের বিপিএল থেকে বিদায় নিশ্চিত হলো চিটাগং ভাইকিংসের। তামিম ইকবালের দলকে ৪৫ রানে হারিয়ে শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করল ঢাকা ডায়নামাইটস।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 03:56 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

এমন উইকেট কখনও দেখেননি তামিম
‘স্মার্ট’ বোলার মোশাররফ
সতীর্থদের ব্যাটিং নিয়ে হতাশ তামিম
সাঙ্গাকারার নেতৃত্বে মুগ্ধ মোশাররফ
আম্পায়ারিং বিচারের ভার দর্শকদের দিলেন তামিম
হাফিজ-আমিরকে এক দলেই দেখছেন তামিম
চিটাগং ভাইকিংসেই খেলতে চান তামিম

শুরুর ব্যাটিং বিপর্যয়ের পরও ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান তুলেছিল ঢাকা। ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী মেলে ধরে ১৬.৫ ওভারে ৯ উইকেটে ৭৬ রান করে চিটাগং। ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাটিং করতে পারেননি চিটাগংয়ের জিয়াউর রহমান।

রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকা চিটাগংকে আরও পিষে ফেলেন মোশাররফ হোসেন। চিটাগংয়ের সম্ভাবনা হয়ে থাকা উমর আকমলসহ ২ ওভারের মধ্যে ৪ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিপিএলে একাধিকবার ৪ উইকেট পেলেন মোশাররফ। এর আগে গত বিপিএলে ঢাকার হয়ে ৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট।

উইকেট যথারীতি ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। তবে ১২২ তাড়া করা খুব দু:সাধ্য ছিল না। কিন্তু সেই নিবেদনটাই দেখা যায়নি চিটাগংয়ের ব্যাটসম্যানদের।

বড় দুই ভরসা দুই আক্রমণাত্মক ওপেনার ফিরে যান শুরতেই। আবুল হাসানের বলে ৪ রানেই প্লেড অন তিলকরত্নে দিলশান; মুস্তাফিজুর রহমানের বলে ৮ রানে এলবিডব্লিউ তামিম ইকবাল। যদিও সিদ্ধান্তটির জন্য নিজেকে কিছু দুর্ভাগা ভাবতে পারেন তামিম।

শুরুর ধাক্কার পর আর কখনোই গতি পায়নি ইনিংস। বেশ কিছুক্ষণ উইকেটে কাটিয়ে ইয়াসির শাহর দুর্দান্ত ফিরতি ক্যাচ আউট হয়েছেন এনামুল হক (১৮ বলে ৯)। প্রায় আধঘণ্টা উইকেটে থেকেও বাউন্ডারি না পেয়ে আকমল স্টাম্পড হয়েছেন বেরিয়ে খেলতে গিয়ে (২২ বলে ১৪)।

ব্যর্থ দলের বাকিরাও, পতন চিটাগংয়ের। ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ, ৭ রানে দুটি মুস্তাফিজ।

ঢাকা ১২১ রান তুলতে পেরেছিল সাঙ্গাকারা-মোসাদ্দেকের একটি কার্যকরী জুটি আর শেষ দিকে ম্যালকম ওয়ালারের ছোট্ট ঝড়ে। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েছেন কুমার সাঙ্গাকারা ও মোসাদ্দেক হোসেন। ওয়ালার শেষ দিকে করেছেন ১০ বলে ১৯।

ঢাকার ইনিংসের শুরুটায় ছিল দারুণ চমক। সবাইকে বিস্ময়ের দোলা দিয়ে সৈকত আলির সঙ্গে লেগ স্পিনার ইয়াসির শাহকে ওপেনিংয়ে নামায় ঢাকা। তবে কাজে লাগেনি ফাটকাটা। তরুণ বাঁহাতি স্পিনার আসিফ হাসানকে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড ইয়াসির (৯ বলে ১০)।

প্রথম বল থেকেই প্রায় প্রতি বলে শট খেলেছেন সৈকত; কিন্তু ব্যাটই ছোঁয়াতে পারছিলেন না বলে। মোহাম্মদ আমিরের বোলিংয়ের সামনে ছিলেন পুরো অসহায়। শেষ পর্যন্ত আউট হয়েছেন শফিউল ইসলামের বলে (১৩ বলে ৩)।

এরপরই বহু প্রতীক্ষিত এক লড়াইয়ের মঞ্চায়ন। আমিরের সঙ্গে এক দলে খেলতে চান না বলে কিছুদিন আগে খবরের শিরোনাম হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। ঢাকার হয়ে খেলতে এসে প্রথমবার মাঠে নামা হাফিজ এখানে ছিলেন আমিরের প্রতিপক্ষ। মনস্তাত্ত্বিক খেলাটা খেলতে ভুল করেননি চিটাগং অধিনায়ক তামিম। হাফিজ উইকেটে আসার পরই বল তুলে দেন আমিরের হাতে। লড়াইয়ে পরিষ্কার ব্যবধানে জয়ী আমির।

হাফিজকে তুলে নিতে চারটি মোটে বল লেগেছে আমিরের; গতি ও বাউন্সে নাড়িয়ে দেওয়ার পর চতুর্থ বলে কট বিহাইন্ড। আমিরের খ্যাপাটে উদযাপনই বলে দিচ্ছিল, লড়াইটা ক্রিকেটের চেয়েও ছিল বেশি কিছু। অধিনায়ক তামিম এসে শান্ত করেন আমিরকে।

ঢাকার আইকন নাসির হোসেন ব্যর্থ আরও একবার (১০)। এরপরই সাঙ্গাকারার সঙ্গে মোসাদ্দেকের ৫৩ বলে ৫৬ রানের জুটি। রান বাড়ানোর তাড়ায় দুজনই আউট হয়েছেন উড়িয়ে মারতে গিয়ে। ৩৬ বলে ৩৮ সাঙ্গাকারা, ২৯ বলে ২৪ মোসাদ্দেক। দুজন আউট হয়েছেন পরপর দুই বলে। শফিউলের বলে দুটি ক্যাচই নিয়েছেন উমর আকমল।

এরপর ৩ চার ও ১ ছক্কায় ওয়ালারের কার্যকরী ইনিংসে ১২০ ছাড়ায় চিটাগং। ১৮ রানে ৩ উইকেট নেন আমির, ২১ রানে তিনটি শফিউল ইসলাম।

ওই পুঁজি নিয়েই দলকে পরে বড় জয় এনে দেয় ঢাকায় বোলাররা। অষ্টম ম্যাচে চতুর্থ জয়ে শেষ চারের পথে ঢাকা। আর টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম ফেবারিট হয়েও নবম ম্যাচে সপ্তম হারে বিদায় নিতে হচ্ছে চিটাগংয়ের।