২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্মার্ট’ বোলার মোশাররফ

দারুণ জয়ে শেষ চারের সুবাস পেয়ে খুশি কুমার সাঙ্গাকারা। ঢাকা ডায়নামাইটস অধিনায়ক উচ্ছ্বসিত প্রশংসা করেছেন স্পিনার মোশাররফ হোসেনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:13 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার চিটাগং ভাইকিংসকে হারিয়ে শেষ চারের দুয়ারে পৌঁছে গেছে ঢাকা ডায়নামাইটস। ১২১ রানের পুঁজি নিয়েও ৪৫ রানে জিতেছে ঢাকা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সতীর্থদের প্রশংসায় ভাসালেন সাঙ্গাকারা।

“তরুণ মোসাদ্দেক ও পরে ওয়ালার খুব ভালো ব্যাটিং করেছে। ১২১ রান যথেষ্ট ছিল না। কিন্তু বোলাররা দারুণ করেছে। রুবেল (মোশাররফ) নিজের বোলিং নিয়ে খুবই স্মার্ট। ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞ, সেটাই কাজে লাগিয়েছে। সবাই ভালো খেলেছে।”

সাঙ্গাকারা নিজেও ৩৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিং খেলেছেন। ৩৫ রানে ৪ উইকেট হারানো দলকে উদ্ধার করেছে সাঙ্গাকারা ও মোসাদ্দেকের ৫৬ রানের জুটি। শেষ দিকে ১০ বলে ১৯ করেছেন ম্যালকম ওয়ালার। পরে এক ওভারে তিনটি উইকেটসহ ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন মোশাররফ।

বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিপিএলে একাধিকবার ৪ উইকেট নিলেন মোশাররফ। আগের বিপিএলে ঢাকার হয়ে খুলনার বিপক্ষে ৯ রানে নিয়েছিলেন ৪ উইকেট।