২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিটাগং ভাইকিংসেই খেলতে চান তামিম

সবার আগে বিপিএল থেকে ছিটকে গেছে চিটাগং ভাইকিংস। দলের বেশিরভাগ খেলোয়াড় প্রত্যাশা মেটাতে পারেননি। তারপরও সম্ভব হলে পরের আসরে এই দলের হয়েই খেলতে চান তামিম ইকবাল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 08:05 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

প্লেয়ার্স বাই চয়েজে ঘরের ছেলে তামিমকে দলে নেয় চিটাগং। দলের নেতৃত্বের ভারও তামিমকে দেয় দলটি। দল খুব একটা সাফল্য না পেলেও ব্যাট হাতে ঠিকই সাফল্য পেয়েছেন তামিম। ২৯৮ রান করে এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানই এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।  
 
মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৫ রানে হেরে শেষ চারে যাওয়ার ক্ষীণ আশাটুকু শেষ হয়ে যায় চিটাগংয়ের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানান, আগামী আসরে তার মতামত নেওয়া হলে তার প্রথম পছন্দ হবে চিটাগং।
 
“আমাকে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করলে আমি অবশ্যই আবার চিটাগং ভাইকিংসে খেলতে চাইব। কারণ আমাকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, কোনো বাধা পাইনি।”

নয় ম্যাচের সাতটিতেই হেরেছে চিটাগং। তাদের দুটি জয়ই এসেছে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে। 
 
ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী তাদের কাজটুকু শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি করেছেন। কিন্তু ক্রিকেটাররা নিজেদের কাজ করতে না পারার হতাশা ফুটল তামিমের কণ্ঠে।
 
“আমার ফ্র্যাঞ্চাইজির মালিকরা আমার প্রত্যাশার চেয়ে একশ’ গুণ বেশি করেছে। প্রথম দিনে যে রকম ছিল, শেষ দিনেও তাদের আচরণ একই ছিল। একটা ব্যাপারই খারাপ লাগছে যে, উনাদের আশা আমরা পূরণ করতে পারিনি। আমরা এজন্য খুবই দুঃখিত। তারা তাদের কাজটা করেছেন, আমরা পারিনি।”