২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারিং বিচারের ভার দর্শকদের দিলেন তামিম

বিপিএলে বাজে আম্পায়ারিং নিয়ে মন্তব্য করতে চাননি তামিম ইকবাল। বিচারের ভার দর্শকের উপরই ছেড়ে দিলেন চিটাগং ভাইকিংস অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:18 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৪৫ রানে হেরে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে চিটাগং ভাইকিংসের। রান তাড়ায় প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে আউট হয়েছেন তামিম ইকবাল। প্রথম ওভারে দুটি চার মেরে শুরু করেছিলেন চিটাগং অধিনায়ক। কিন্তু মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হন তৃতীয় ওভারেই। টিভি রিপ্লেতে দেখা গেছে, বল লাগার সময় লাইনের বাইরে ছিল তামিমের পা, বাউন্সও ছিল একটু উঁচু।

ঢাকার বিপক্ষে আগের ম্যাচেও বাজে সিদ্ধান্তে আউট হয়েছিলেন তামিম। সেবার লেগ স্টাম্পের বাইরের এক বলে কটবিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল আম্পায়ারিং নিয়ে। তামিম বেছে নিলেন কূটনৈতিক উত্তরের পথ।

“আম্পায়ারিং নিয়ে আমি কি বলব…সবার চোখ আছে, সবাই দেখছে কি ধরনের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। আমি কিছু বলতে গেলে জরিমানা হতে পারে, বহিষ্কারও হতে পারি। এখনও একটা ম্যাচ আছে, কিছু বলতে চাই না এটা নিয়ে। আমি নিশ্চিত, আপনারা সবাই দেখছেন, আমার বলে দিতে হবে না।”

তামিমের এই দুটি সিদ্ধান্ত ছাড়াও এবারের বিপিএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তামিমের কথাতে সেটিরই প্রতিফলন। না বলতে চাওয়া কথাতেও তামিম আসলে বুঝিয়ে দিলেন অনেক কিছু।”