২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজ-আমিরকে এক দলেই দেখছেন তামিম

তামিম ইকবালের বিশ্বাস, কয়েক মাসের মধ্যেই একই দলে খেলতে দেখা যাবে পাকিস্তানের দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আমিরকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 02:15 PM

হাফিজকে বিপিএলে নিজেদের দলে খেলার প্রস্তাব দিয়েছিল চিটাগং ভাইকিংস। এই দলে আগে থেকেই থাকা আমিরকে এড়াতে সেই প্রস্তাবে সাড়া দেননি হাফিজ। তিনি জানান, ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত এমন কারোর সঙ্গে একই ড্রেসিং রুমে থাকতে চান না তিনি।

চিটাগংয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হাফিজ পরে যোগ দেন ঢাকা ডায়নামাইটসে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আমিরের চিটাগংয়ের মুখোমুখি হয় হাফিজের ঢাকা।

ম্যাচ ৪৫ রানে হারলেও হাফিজের সঙ্গে লড়াইয়ে ঠিকই জিতেছেন বাঁহাতি পেসার আমির। তার বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে শেষ হয় হাফিজের ১ রানের ইনিংস।

প্রথম ওভারটি করা আমিরকে ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ফেরান তামিম। চতুর্থ ওভারে সৈকত আলি ফিরে যাওয়ায় সে সময় ব্যাটিংয়ে ছিলেন হাফিজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম জানান, উইকেটের জন্য আক্রমণের সেরা অস্ত্রকে বোলিংয়ে এনেছিলেন তিনি, অন্য কিছু ভেবে নয়।

“সে সময় আমাদের একটা উইকেট দরকার ছিল। হাফিজকে দ্রুত ফেরানো দরকার ছিল। আমির আমার স্ট্রাইক বোলার, ওকেই আনা হয়েছে। আগের কোনো ঘটনার কারণে নয়। খেলার মধ্যে এত কিছু মাথায় থাকে না।”

তামিম জানান, স্বাভাবিকই ছিলেন আমির। এই বাঁহাতি পেসারের উদযাপনেও বাড়তি কিছু দেখেননি চিটাগংয়ের অধিনায়ক।

“যা হয়েছে বা মিডিয়ায় আলোচনা হয়েছে, এটা নিয়ে ও (আমির) কখনো ভাবিত ছিল না। সে খুব স্বাভাবিক ছিল। উইকেট নেওয়ার পর ওর উদযাপন যদি দেখেন.. এমন হয়নি যে, হাফিজের কাছে গিয়ে কিছু বলেছে বা এরকম কিছু করেছে।” 

ম্যাচ পাতানো কাণ্ডের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলার পর থেকে দারুণ খেলছেন আমির। তার জাতীয় দলে খেলা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। তবে এরই মধ্যে পিসিবি আমিরকে জাতীয় দলে নেওয়ার সবুজ সংকেত দিয়েছে।

তামিম সরাসরি জাতীয় দলের কথা বলেননি, কিন্তু কয়েক মাসের মধ্যে হাফিজ-আমিরকে একই দলে দেখছেন তিনি।

“আমি নিশ্চিত, আসছে কয়েক মাসের মধ্যেই ওরা একই দলে খেলবে। আমার মনে হয় না, ওকে নিয়ে আমিরের মনে খারাপ কিছু আছে। আমি নিশ্চিত, হাফিজেরও আমিরকে নিয়ে খারাপ কিছু নেই। আমার ধারণা, এসব ঠিক হয়ে যাবে।”