এমন উইকেট কখনও দেখেননি তামিম
টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ এবারের বিপিএল। কিন্তু তৃতীয় আসরের উইকেট সেই প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল জানিয়েছেন, এমন উইকেট তিনি কখনও দেখেননি।
বিপিএলে জাতীয় দলের বেশিরভাগ ব্যাটসম্যানকে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে। ব্যাটিং-বোলিং ভালো না হওয়ায় উইকেটকেই দুষেছেন এবারের আসরে সর্বোচ্চ ২৯৮ রান করা তামিম।
“এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল, আমাদের ক্রিকেটারদের টি-টোয়েন্টি নিয়ে আত্মবিশ্বাসী করে তোলা। বোলাররা ভালো বোলিং করবে, ব্যাটসম্যারা ভালো ব্যাট করবে। সেটা হয়নি, কারণ উইকেট।”
ওয়ানডে ক্রিকেটে সমীহ করার মত দল হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু সীমিত ওভারের আরেক ক্রিকেট টি-টোয়েন্টি এখনও বুঝে উঠতে পারেনি দলটি। ক্রিকেটারদের টি-টোয়েন্টি বিভিন্ন পরিস্থিতির সঙ্গে পরিচিত করে তুলতে বিপিএলকে ব্যবহারের পরিকল্পনা ছিল; কিন্তু তা অনেকটাই ব্যর্থ হতে বসেছে নিচু, মন্থর আর দুই রকম গতির উইকেটে।
“আজকে উইকেট মোটামুটি ভালোই ছিল। কিন্তু সব মিলিয়ে উইকেট যেমন ছিল…প্রথম ৩/৪ ম্যাচের মত উইকেট থাকলে টুর্নামেন্টের জন্য ভালো হত। আমি নিশ্চিত যে, কিউরেটররা চেষ্টা করেছে। আবহাওয়ার কথাও মাথায় রাখতে হবে, কাজটা কঠিন এই ধরনের আবহাওয়ায়। সব মিলিয়ে উইকেট আরেকটু ভালো হলে স্থানীয় ক্রিকেটারদের জন্য ভালো হত। কারণ যাই হোক, আমি এরকম উইকেট কখনও দেখিনি।”
