২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতীর্থদের ব্যাটিং নিয়ে হতাশ তামিম

দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি চিটাগং ভাইকিংসের স্থানীয় ক্রিকেটাররা। ব্যাটসম্যানদের পারফরম্যান্সে হতাশ অধিনায়ক তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 07:28 PM

Updated : 12 Oct 2022, 04:39 PM

পুরনো খবর:

এমন উইকেট কখনও দেখেননি তামিম
‘স্মার্ট’ বোলার মোশাররফ
সাঙ্গাকারার নেতৃত্বে মুগ্ধ মোশাররফ
আম্পায়ারিং বিচারের ভার দর্শকদের দিলেন তামিম
হাফিজ-আমিরকে এক দলেই দেখছেন তামিম
চিটাগং ভাইকিংসেই খেলতে চান তামিম
চিটাগংকে বিদায় করে শেষ চারের দুয়ারে ঢাকা

নয় ম্যাচের সাতটিতে হেরে এবারের বিপিএলে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে চিটাগং ভাইকিংসের। টিকে থাকার ম্যাচে মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের কাছে চিটাগং হেরেছে আরেকটি ব্যাটিং ব্যর্থতায়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগংয়ের ব্যর্থতায় ময়না তদন্তে তামিম বললেন ব্যাটিং ব্যর্থতার কথাই।

“যেদিন আমি আর দিলশান ভালো করি, সেদিনই ব্যাটিং যা একটু ভালো হয়। যে দুটো ম্যাচ জিতেছি, আমরা ভালো করেছি। তাছাড়া আর কোনো কিছু দেখিনি। টুর্নামেন্ট জুড়ে স্থানীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স কিছুই দেখিনি। এটা আসলে খুবই হতাশার। আমার কাছে মনে হয় না আমি আর দিলশান ছাড়া দলে কেউ সব মিলিয়ে একশ রানও করেছে।”

এই ম্যাচের পর এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান তামিমের (২৯৮)। ২৩২ রান করে তিন নম্বরে আছেন দিলশান। এরপর চিটাগংয়ের সেরা ব্যাটসম্যান এনামুল হক, ৯ ম্যাচে ১৬.২৮ গড়ে করেছেন ১১৪। ৬ ম্যাচে ১০১ রান করেছেন ইয়াসির আলি চৌধুরী। ঘরোয়া ক্রিকেটের ‘বিগ হিটার’ জিয়াউর রহমান সব ম্যাচ খেলে করেছেন ৮৩ রান।

টুর্নামেন্ট শুরুর আগে কাগজে-কলমে অন্যতম ফেভারিট ছিল চিটাগং। সেই দলের এমন ব্যর্থতায় অধিনায়কের কাঠগড়ায় থাকছেন স্থানীয় ক্রিকেটাররাই।

“ফলাফল যা বলছে, আমরা তেমন দল নই। কাগজে-কলমে অনেক শক্তিশালী। আমাদের স্থানীয় ক্রিকেটার যারা ছিল, ওরা চেষ্টা করেছে অবশ্যই। কিন্তু পারেনি। আপনি যতোই ক্রিস গেইল, পোলার্ড বা রাসেল, বিদেশি যাকেই আনেন, স্থানীয়রা পারফর্ম না করলে ওই দলের সম্ভাবনা কমে যায়। আমাদের স্থানীয়রা প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি।”