টি-টোয়েন্টির ব্যাটিংয়ে খুশি নন হাথুরুসিংহে
বাংলাদেশের টি-টোয়েন্টি ব্যাটিংয়ে সন্তুষ্ট নন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশের কোচ বলছেন, টি-টোয়েন্টিতে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে।
টি-টোয়েন্টি সংস্করণকে কখনোই সেভাবে আপন করে নিতে পারেনি বাংলাদেশ। এই জিম্বাবুয়ে সিরিজেও মোটেই স্বচ্ছন্দ ছিল না দল। শুধু সিরিজ ড্র হয়েছে বলেই নয়, দুটি ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্সে ফুটে উঠেছে অস্বস্তি।
রোববার সিরিজ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্সেরই প্রতিফলন পড়ল কোচের কণ্ঠে।
“আমার মনে হয়, টি-টোয়েন্টিতে এখনও আমাদের ধরন, সেরা পরিকল্পনা, সেরা কম্বিনেশন খুঁজে বের করার ব্যাপার আছে। টি-টোয়েন্টিতে এখনও আমরা উন্নতির পথে আছি। সেদিক থেকে বলতে গেলে, এখনও সম্ভবত আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে।”
বাংলাদেশ কোচকে বেশি ভাবাচ্ছে টি-টোয়েন্টির ব্যাটিংটাই।
“ব্যাটিংয়ে ব্যক্তিগতভাবে ও দল হিসেবেও খেলার সঠিক ধরন খুঁজে বের করতে হবে আমাদের। ব্যাটসম্যানদের শিখতে হবে, টি-টোয়েন্টি ইনিংস কিভাবে গড়তে হয়। আমরা এখনও সেটা শিখে উঠতে পারিনি। এশিয়া কাপের আগে, সামনের এই দুই মাসে স্কিলের দিক থেকে এবং মানসিকতা বদলে আমাদের অনেক কাজ করতে হবে।”
