সাকিব, সৌম্যর ফেরার অপেক্ষায় মাশরাফি
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসান ও সৌম্য সরকারের অভাব ভালোভাবে অনুভব করেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, দলের সেরা দুই ক্রিকেটারের ফেরার অপেক্ষায় আছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার উইকেটে জেতে বাংলাদেশ। দলকে জেতাতে শেষ পর্যন্ত ব্যাট হাতে অবদান রাখতে হয় মাশরাফিকেও।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। অধিনায়ক মনে করেন, এই ম্যাচে ১৫/২০ রান কম করেছে বাংলাদেশ।
“এই উইকেটে ব্যাটিং করা এতোটা সহজ ছিল না। তার মানে এই নয় যে, এই উইকেটে ১৩৫ রান হবে। ১৫০/১৬০ ভালো সংগ্রহ হত।”
শেষ পর্যন্ত ৩ উইকেটে হারে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের ব্যাটিং নিয়ে কথা বলার সময়ই মাশরাফি জানান, সাকিব-সৌম্য ফিরলে দল আরও ভারসাম্যপূর্ণ হবে।
“আমরা জানি, টি-টোয়েন্টি ম্যাচে এখনও ভারসাম্যপূর্ণ দল হয়ে দাঁড়াতে পারিনি। এই মূহর্তে অবশ্যই আমরা আমাদের কম্বিনেশন নিয়ে কাজ করছি। আশা করি, সৌম্য ফিট হলে আর সাকিব দেশে ফিরে এলে আমাদের কম্বিনেশনটা আরও ভালো হবে। তখন হয়তো বা আমরা ভালো খেলবো।”
এর আগে প্রথম ম্যাচে জয়ের পর মাশরাফি জানিয়েছিলেন, দলের ব্যাটিং নিয়ে খুশি নন তিনি।
১৩৫ রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিলেন বোলাররা। শেষ ওভারে ১৮ রান নিয়ে নাটকীয় জয় পায় জিম্বাবুয়ে। এই হারের পর মাশরাফির উপলব্ধি, টি-টোয়েন্টির আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত করতে হবে।
“আন্তর্জাতিক ক্রিকেটে আমরা (টি-টোয়েন্টিতে) যে অবস্থায় আছি, আমাদের ভালো কম্বিনেশন তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে বড় ফোকাস ছিল সেদিকেই, একই সঙ্গে জয়ের দিকেও। জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি। কম্বিনেশনের ব্যাপারে এখনও আরও অনেক কিছু চিন্তা করতে হবে। সবাইকে তৈরি করতে হবে।”
