২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চেয়েছিলাম নাসির নিজের মতো করুক’

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারটি নাসির হোসেনকে তার নিজের মতো করে করতে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 11:27 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। প্রথম বলে ম্যালকম ওয়ালারকে ফিরিয়ে শুরুটা দারুণ করেছিলেন নাসির। কিন্তু এই অফ স্পিনারের পরের চার বলে দুটি ছক্কাসহ ১৮ রান নিয়ে অতিথিদের দারুণ এক জয় এনে দেন নেভিল মাডিজভা।  
 
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, নাসিরকে স্বাভাবিকভাবেই বল করতে বলেছিলেন তিনি। 
 
“ওই সময় আমাদের হাতে আর অপশন ছিল না। হয়তো বা রিয়াদ ছিল। নাসিরকে বলেছিলাম, রিলাক্স থেকে বোলিং করতে। ও এইখানে বোলিং করে অভ্যস্থ নয়। এটা ওর জন্য নতুন অভিজ্ঞতা। আমি চেয়েছিলাম, যাই করুক নিজের মত করে করুক।”
 
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নাসিরের ওপর অনেকখানি নির্ভর করতে হয়েছিল মাশরাফিকে। রোববার ৩.৫ ওভার বল করে ৪৫ রান দিলেও নাসিরের ওপর আস্থা হারাননি তিনি, “আমি বিশ্বাস করি ও ভালো বোলার।”
 
শেষ ওভারের প্রতিটি বল জোরের সঙ্গে করেন নাসির। তাকে এমন কোনো পরামর্শ দেওয়া হয়েছিল কি না তার জবাবে মাশরাফি বলেন, “পুরো বিষয়টাই আমি ওর উপর ছেড়ে দিয়েছিলাম। ওর যেভাবে মনে হয় সফল হতে পারবে, সেভাবেই করুক।”