‘মন্থর’ ব্যাটিং করেও মাশরাফিকে পাশে পাচ্ছেন এনামুল
তামিম ইকবালের ছোট্ট ইনিংস উড়ন্ত সূচনা এনে দিয়েছিল বাংলাদেশকে। কিন্তু পরের ব্যাটসম্যানরা সেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। সুযোগ এসেছিল এনামুল হকের সামনে, কিন্তু তার মন্থর ব্যাটিংয়ে জিম্বাবুয়ের ওপর আর চড়াও হতে পারেনি স্বাগতিকরা।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ উইকেটে ১৩৫ রান করে বাংলাদেশ। চতুর্থ ওভারে ক্রিজে আসা এনামুল রান আউট হন শেষ ওভারে। ৫১ বলে তিনটি চারের সাহায্যে ৪৭ রান করেন তিনি।
এনামুলের এই ইনিংস টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই কি না সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের মুখে পড়েন কোচ চন্দিকা হাথরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
হাথুরুসিংহে একা এনামুলকে দুষতে রাজি নন। তিনি মনে করেন, ব্যাটিং ব্যর্থতায় লড়াইয়ের পুঁজি পায়নি তার দল। তবে কোনো ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ৩০ বল খেললে তার কাছ থেকে অন্তত ১২৫-১৩০ স্ট্রাইক রেট আশা করেন তিনি।
এর ধারে কাছে ছিলেন না এনামুল। ৯২.১৫ স্ট্রাইক রেটে রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান।
প্রায় একই কথা বলেন অধিনায়ক মাশরাফিও, “বিজয় (এনামুল) স্ট্রাইক রোটেড করতে পারিনি, হয়তো অনেকক্ষণ ছিল উইকেটে। ওর একার কথা বলে লাভ নেই। দলের পুরো ব্যাটিংটাই ভালো হয়নি। আর কোচ যা বললো, ৩০-৪০টা বল যদি কেউ খেলে সেক্ষেত্রে ১২৫ বা ১৩০ স্টাইক রেট চায়। পুরো টিমই চায়। ও হয়তো এটা পারেনি।”
দ্বিতীয় ম্যাচে ৫৩ বলে কোনো রান নিতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মধ্যে এনামুল একাই ২০টি বল ‘ডট’ দেন। তার ব্যাটিং অন্য ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয় কি না সেই প্রশ্নও উঠল সংবাদ সম্মেলনে।
“আজকের ম্যাচটা হয়তো আমরা হেরেছি। তবে আমি ব্যক্তিগতভাবে বিজয় কিংবা অন্য কারো কাছে যেতে চাই না। আমরা গ্রুপ হিসেবেই ব্যর্থ হয়েছি। শুধু যদি আমরা বিজয়ের কথা বলি পুরো চাপটা ওর কাছে যাবে।”
“প্রায় ১৫ ওভার ব্যাটিং করেছে। ও হয়তো শটস খেলতে পারছিল না। অনেকদিন পর মাঠে নেমেছে এটাও চিন্তা করতে হবে।”
