ওয়ানডের পথেই টি-টোয়েন্টিতে উন্নতির আশা কোচের
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি সময় হাতে নেই বাংলাদেশের। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশ্বাস, ওয়ানডের মতোই টি-টোয়েন্টিতে উন্নতির পথ বের করে ফেলবে তার দল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দুর্বলতাটা আরও একবার প্রকাশ পেয়েছে জিম্বাবুয়ে সিরিজে। প্রথম ম্যাচ জিতলেও পারফরম্যান্স গোছানো ছিল না; রোববার দ্বিতীয় ম্যাচে তো হেরেই বসল বাংলাদেশ।
দলের পারফরমান্সে সন্তুষ্ট নন চন্ডিকা হাথুরুসিংহেও। ম্যাচ-শেষে সংবাদ সম্মেলনে জানালেন, বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের জন্য কাজটি আসলেই কঠিন।
“বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই আমাদের, উন্নতি করা তাই খুব কঠিন। ক্রিকেটারদেরও আমরা দায় দিতে পারি না, এই সিরিজের আগে তো খুব বেশি টি-টোয়েন্টিই খেলিনি আমরা! ঘরোয়া ক্রিকেটেও ছেলেরা সবশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০১৩ সালে। না খেললে তো খেলার ধরনটাও শেখা হয় না!”
আগামী মার্চে বিশ্বকাপ টি-টোয়েন্টির আসর বসবে ভারতে। এখনকার সূচি অনুযায়ী, বিশ্বকাপের আগে বাংলাদেশে টি-টোয়েন্টি আছে শুধু এশিয়া কাপে, আগামী ফেব্রুয়ারিতে দেশের মাটিতে।
সেই বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাসের সেরা বছর কাটিয়েছে এবার। এই ভাগ্য বদল এসেছে হাথুরুসিংহের হাত ধরেই। টি-টোয়েন্টিতেও একই আশায় বাংলাদেশ কোচ।
“কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। ওয়ানডে বিশ্বকাপের আগেও আমাদের একই অবস্থা ছিল। আমরা ঠিকই ঘুরে দাঁড়ানোর একটা পথ বের করেছি। এবারও আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করব। আমাদের যা আছে, সেটার সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করব।”
