শেষের বোলার নাসির বলেই আশা ছিল জিম্বাবুয়ের
শেষ ওভারে বল হাতে নাসির হোসেনকে দেখেই জয়ের আশা পেয়েছিল জিম্বাবুয়ে। উইকেটে নেভিল মাডজিভা আর ড্রেসিং রুমে এল্টন চিগুম্বারার বিশ্বাস ছিল, তারাই জিতবেন।
শেষ ওভারের আগে মুস্তাফিজুর রহমানের বলে ব্যাটই ছোঁয়াতে পারছিলেন না নেভিল মাডজিভা। মুস্তাফিজের ৯ বলে নিতে পেরেছিলেন মাত্র ১ রান। কিন্তু শেষে ৫ বলে ১৮ রানের চাওয়াও পূরণ করেছেন মাডজিভা ১ বল বাকি রেখেই।
শেষ ওভারের প্রথম বলেই আউট হয়েছিলেন দারুণ খেলতে থাকা ম্যালকম ওয়ালার। অনেকে জিম্বাবুয়ের আশারও সমাপ্তি দেখছিলেন এতেই। কিন্তু দুই ছক্কা, এক চারে দলকে জিতিয়ে দেন মাডজিভা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তরুণ এই অলরাউন্ডার জানালেন, শেষ ওভারে নাসিরকে বোলিংয়ে দেখেই বিশ্বাসের পালে হাওয়া লেগেছিল তার।
“মুস্তাফিজের বল আমি পড়তেই পারছিলাম না। কিন্তু শেষ ওভারে নাসিরকে দেখেই আমার মনে হয়েছে, আমরা ম্যাচ জিতে যাব। কারণ স্পিন খেলা আমি বেশি উপভোগ করি। নিজেকে বলেছি, এটাই সুযোগ, দেশকে একটি ম্যাচ জিতিয়েই দেশে ফিরব।”
“আমরা জানতাম, একটা ওভার কাউকে দিয়ে বের করতে হবে ওদের। ভেবেছিলাম, নাসিরকে হয়ত শেষের আগের ওভার দেওয়া হবে। নেভিল (মাডজিভা) উইকেটে যাওয়ার আগেই ওকে বলেছিলাম, শেষ তিন ওভারের একটিতে স্পিনার আসবে, ওই ওভার যতটা সম্ভব কাজে লাগাতে হবে। নেভিল সেটাই করেছে। ব্যাটে-বলে ওর পারফরম্যান্স আজ ছিল দারুণ।”
১৯ বলে ২৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার আগে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মাডজিভা। ম্যাচসেরা এই ২৪ বছর বয়সী অলরাউন্ডারই।
