অবশেষে জয়ের হাসি চিগুম্বুরার
বাংলাদেশ সফরে শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেয়ে স্বস্তি পাচ্ছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
এবার বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু আসল লড়াইয়ে তাদের ছিল সেই হতশ্রী চেহারাই। গত বছর বাংলাদেশে এসে ৩ টেস্ট ও ৫ ওয়ানডের সব হেরে ফিরেছিল তারা। এবারও হেরেছে ৩ ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি।
অবশেষে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে হারের সেই বলয় থেকে বের হয়েছে জিম্বাবুয়ে। ম্যাচ শেষে তাদের উদযাপনেও ছিল আকাশ ছোঁয়া উচ্ছ্বাস।
অধিনায়ক এল্টন চিগুম্বুরা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢুকলেন হাসি মুখে। হাসিটা ধরে রেখেই জানালেন স্বস্তির কথা।
“আমরা খুব করে চাইছিলাম ম্যাচটি জিততে। জয়ের আশা নিয়েই সফরে এসেছিলাম। অবশেষে এখানে আবার একটি জয় পাওয়ার অনুভূতি দারুণ। ছেলেরা অনেক পরিশ্রম করেছে, আজকে সব বিভাগেই ভালো করেছি আমরা।”
