‘নো’ বলেই ম্যাচ জিতে গেছে জিম্বাবুয়ে!
উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে গিয়ে জিম্বাবুয়েকে ম্যাচ জিতিয়েছেন নেভিল মাডজিভা। এই অলরাউন্ডারের মতে, ওই ‘নো’ বলেই ম্যাচ জিতে গেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ইনিংসের শেষ দিকে মুস্তাফিজুর রহমানের বলের জবাবই খুঁজে পাচ্ছিলেন না নেভিল মাডজিভা। বাঁহাতি পেসারের ৯ বলে নিতে পেরেছেন মোটে ১ রান। শেষের আগের ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে প্রায় ফিরেই গিয়েছিলেন মাডজিভা। কিন্তু টিভি রিপ্লেতে তৃতীয় আম্পায়ার দেখেন, মুস্তাফিজের বলটি ছিল ‘নো’।
নতুন জীবন পেয়ে নতুন উদ্যমে ফেরেন মাডজিভা। শেষ ওভারে ৪ বলে ১৮ রান নিয়ে দুর্দান্ত এক জয় এনে দেন জিম্বাবুয়েকে। ম্যাচ শেষে তরুণ এই অলরাউন্ডার বললেন, ম্যাচের ভাগ্য গড়া হয়ে গেছে তার ওই বেঁচে যাওয়াতেই।
“আমার ধারণা, ওই সময়ই (নো বলে বেঁচে গিয়ে) আমরা ম্যাচ জিতে গেছি। এরপর আর খুব বেশি কিছু বলার নেই আমার। যেটা ধারণা করেছি, সেটাই হয়েছে। আমরা ঠিকই জিতেছি।”
নাসিরকে ছক্কা মেরে ম্যাচ জেতানোর পর বিশ্ব জয়ের আনন্দে মেতেছিলেন মাডজিভা। ব্যাট ছুঁড়ে ফেলে, মুষ্টিবদ্ধ হাত বারবার বাতাসে ছুড়ে উদযাপন করেছেন তিনি। ড্রেসিং রুম থেকে ছুটে এসে সতীর্থরা আলিঙ্গনে জড়িয়েছেন জয়ের নায়ককে।
ম্যাচসেরার পুরস্কার নিতে এসে উচ্ছ্বাসে কথাই বলতে পারছিলেন না মাডজিভা।
“এই মুহূর্তে আমি পুরোপুরি ভাষাহীন, এত খুশি হয়েছি!”
তার এই উচ্ছ্বাস পরে কিছুটা ভাষা পেল সংবাদ সম্মেলনে এসে।
“বোঝাতে পারব না কেমন লেগেছে। ম্যাচটি আমরা জিততে চাইছিলাম তীব্রভাবে। হোটেল থেকে বের হওয়ার সময়, গা-গরমের সময়, প্রথম ইনিংসের বোলিংয়ে…সবাই জয়ের জন্য মুখিয়েছিল। আমি এখনও রোমাঞ্চিত যে ম্যাচটি জিতেছি।”
