আরও আগে ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ, ভেবেছিলেন আফগান কোচ
প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসেও লম্বা সময় ব্যাটিং করবে, ভাবেনি আফগানিস্তান দল।
তৃতীয় দিনের চা বিরতিতে বাংলাদেশের লিড ৬১৪। টিভি ক্যামেরায় দেখা গেল, ব্যাটিংয়ে নামার জন্য প্যাড-আপ করে প্রস্তুত মেহেদী হাসান মিরাজ। যার মানে, সহসাই হয়তো ইনিংস ঘোষণা করবে না বাংলাদেশ। হয়েছেও তাই। চা বিরতির পরও প্রায় ৪০ মিনিট ব্যাটিং করে তারা। যা দেখে কিছুটা অবাক প্রতিপক্ষ আফগানিস্তান।
মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড ৬৬১। বাংলাদেশের প্রায় ২৩ বছর আর ১৩৮ ম্যাচের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি লিড এটিই। প্রায় দেড়শ বছরের টেস্ট ইতিহাসেই এর চেয়ে বড় লিড আছে আর স্রেফ ৭টি।
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বলেন, প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ইনিংসেও লম্বা সময় ব্যাটিং করবে, তা ভাবেননি তারা।
“আমি মনে করেছিলাম, বাংলাদেশ হয়তো আরও আগে ইনিংস ঘোষণা করবে। কারণ বৃষ্টির শঙ্কা ছিল, আকাশের অবস্থা ভালো মনে হচ্ছিল না। আপনি নিশ্চিতভাবেই বৃষ্টির কারণে সময় হারানোর পথে হাঁটতে চাইবেন না।”
“তবে বাংলাদেশ সেই পথে হেঁটেছে। অবশ্যই তাদের সেটি করার পূর্ণ অধিকার রয়েছে। আমার মতে, তারা দারুণ ব্যাটিং করেছে। আমাদের ক্রিকেটারদের জন্যও এটি একটি বার্তা যে, টেস্ট ক্রিকেট কতটা কঠিন যখন আপনি ম্যাচে পিছিয়ে পড়েন।”
ম্যাচের তিন দিনেই আবহাওয়ার পূর্বাভাসে ছিল বৃষ্টির শঙ্কা। তবে তিন দিনে একবারের জন্যও দেখা মেলেনি বৃষ্টির। তৃতীয় দিনের শেষ দিকে আলোকস্বল্পতায় ২৪ মিনিট আগে বন্ধ হয় খেলা। অবশ্য তৃতীয় দিনের খেলা শেষে সন্ধ্যার পর তুমুল বৃষ্টিতে ভেসেছে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
তবে দিনের খেলা শুরুর আগেই বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানান, সম্ভব হলে পুরো দিন ব্যাট করবে তার দল। শেষ পর্যন্ত সেই পথে হাঁটেনি স্বাগতিকরা। পরে ট্রটের কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহের কথারই যেন পুনরাবৃত্তি করেন মুমিনুল হক।
“ম্যাচের এখনও দুই দিন বাকি আছে। তাই আমরা লম্বা সময় ব্যাটিং করেছি। এর বাইরে কোনো কিছু নয়। আবহাওয়া দেখেন, যদি দুই দিন বৃষ্টি হয়, একমাত্র আল্লাহ জানে। এটি আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আমাদের ভাবনা ছিল লম্বা ব্যাটিং করতে হবে। ছয়শ বা সাতশ করতে হবে, এমন চিন্তা ছিল না।”
