আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা ৯ মাসে বেড়েছে ৩৫ শতাংশ
পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলছে প্রতিষ্ঠানটি।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ৩৫ কোটি ৪০ লাখ টাকা নিট মুনাফা করেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।
পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৮২ পয়সা; গত বছর একই সময়ে যা ছিল ৬১ পয়সা। মোট সুদ আয় ৫.৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৯ কোটি ১০ লাখ টাকা।
সুদ ব্যয় ০.৩ শতাংশ কমে হয়েছে ৫৬১ কোটি টাকা। ফলে নিট সুদ আয় ২৬.৬ শতাংশ বেড়ে হয়েছে ১৮৮ কোটি টাকা হয়েছে।
ট্রেজারি পোর্টফোলিওর দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগ থেকে আয় ২৪.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৩০ লাখ টাকা। কমিশন ও ব্রোকারেজ আয় ১৩.৫ শতাংশ বেড়ে ১২ কোটি ১০ লাখ টাকা হয়েছে।
সব মিলিয়ে মোট পরিচালন আয় দাঁড়িয়েছে ৩১৯ কোটি ৮০ লাখ টাকা; যা গত বছরের জানুয়ারি–সেপ্টেম্বরের তুলনায় ২৫.৯ শতাংশ বেশি। এই নয় মাসে পরিচালন আয় ২০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩ কোটি ৪০ লাখ টাকা। মূল ঋণ থেকে সুদ আয় ৬২ শতাংশ, যা এবারও মোট আয়ের সবচেয়ে বড় অংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচালন ব্যয় ৯.৪ শতাংশ বেড়ে হয়েছে ১২৯ কোটি ১০ লাখ টাকা। ব্যয়ের তুলনায় আয় দ্রুত বৃদ্ধির ফলে প্রভিশন পূর্ব মুনাফা ৪০.২ শতাংশ বেড়ে হয়েছে ১৯০ কোটি ৭০ লাখ টাকা। এই মুনাফা ২৫.৯ শতাংশ বেড়ে হয়েছে ৬৮ কোটি ১০ লাখ টাকা; যা প্রতিষ্ঠানটির পরিচালন সক্ষমতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
এ প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “শিগগিরই ৪৫তম বছরে পা রাখতে যাচ্ছে আইপিডিসি। আর এই বিশেষ মুহূর্তে এমন অর্জনে ব্যবসার গতি বৃদ্ধি, নিয়ন্ত্রিত ব্যয় ব্যবস্থাপনা এবং আর্থিক ভিত্তি মজবুত রাখার চেষ্টা ফুটে উঠেছে।
“আমরা বিশ্বাস করি, টেকসই প্রবৃদ্ধি আসে পারফর্ম্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতার ভারসাম্য থেকে। পরিবর্তিত বাজার পরিস্থিতিতে বাবসার মুল ভিত্তি আরও মজবুত করা ও গ্রাহকের আস্থা ধরে রাখাই আমাদের অগ্রাধিকার। এই অঙ্গীকারই আমাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে এবং সবার জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিতে সাহায্য করে।”
১৯৮১ সালে যাত্রা শুরু করা আইপিডিসি বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান।
