ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কোম্পানিটি ১৯৮৫ সালের ১২ অক্টোবর তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সোমবার ঢাকায় কোম্পানির করপোরেট প্রধান কার্যালয়ে এ উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ইন্স্যুরেন্স একই বছরের ১২ অক্টোবর ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। এটি দেশের একটি তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি।
কোম্পানিটি অগ্নিবীমা, নৌবীমা, মোটরবীমা ও স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমাসেবা দিয়ে থাকে।
কোম্পানির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীকে দীর্ঘ ব্যবসায়িক যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, পেশাগত উৎকর্ষ ও গ্রাহকসেবার প্রতি অঙ্গীকারের ধারাবাহিকতা প্রতিফলিত হয়েছে।
পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত সাফল্য স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত বীমাসেবা দেওয়ার প্রত্যয় তুলে ধরা হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে দেশের বীমা খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় ইউনাইটেড ইন্স্যুরেন্স।
