১১০০ ছাত্রীকে নিরাপদ লেনদেনের বিষয়ে সচেতন করল সিআইডি ও বিকাশ
পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কর্মশালা করা হবে বলে আয়োজকরা জানান।
সাইবার সুরক্ষা ও নিরাপদ লেনদেনে সচেতনতা বাড়াতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের ১ হাজার ১০০ ছাত্রীকে নিয়ে কর্মশালার আয়োজন করেছে সিআইডি ও বিকাশ।
এ কর্মশালাগুলোতে ভার্চুয়াল জগতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা এবং ডিজিটাল আর্থিক সেবায় প্রতারণার ফাঁদ এড়ানোর কৌশল নিয়ে তাদের সচেতন করা হয় বলে রোববার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নিরাপদ ব্যবহারের নিয়মাবলি এবং সাইবার ঝুঁকির বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা কর্মশালাগুলোতে তুলে ধরা হয়।
বিশেষ করে পিন ও ওটিপি কারও সঙ্গে শেয়ার না করা, লোভনীয় অফারের ফিশিং লিংক চেনার উপায় এবং প্রতারণার শিকার হলে দ্রুত অফিশিয়াল চ্যানেলে অভিযোগ জানানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া ইন্টারনেটে যে কোনো তথ্য বা খবর শেয়ার করার আগে তা যাচাই করে গুজব প্রতিরোধে সচেতন হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
প্রথম ধাপের কর্মশালয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৬৫০ ছাত্রী অংশ নেন। সেখানে সাইবার পুলিশ সেন্টার সিআইডির ডিআইজি সানা শামিনুর রহমান এবং বিকাশ এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলে দুটি কর্মশালায় ৪৫০ ছাত্রী অংশ নেন। সাইবার পুলিশ সেন্টার সিআইডির ভারপ্রাপ্ত ডিআইজি মো. সাইফউদ্দিন শাহীন এতে উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের সচেতনতামূলক কর্মশালা পরিচালনা করা হবে বলে জানান আয়োজকরা।
