রাস্তায় আন্দোলন বা উত্তেজিত জনতার (মব) মাঝে পড়লে নিরাপদ থাকার ৬ উপায়
‘৩৬০ ডিগ্রি পরিস্থিতিগত সচেতনতা’ বজায় রাখতে হয় কীভাবে জেনে নিন।
যানজটের নগরী বা ব্যস্ত মহাসড়কে চলাচলের সময় হঠাৎ করেই কোনও বিক্ষোভ, আন্দোলন কিংবা উত্তেজিত জনতার ভিড় বা ‘মব’-এর মাঝে আটকা পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে যখন তখন।
এমন আকস্মিক পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যা শারীরিক আঘাত বা বড় কোনও বিপদের ঝুঁকি বাড়িয়ে দেয়।
দেশি-বিদেশি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মতে, ভিড় বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শান্ত মাথায় দ্রুত কিছু কৌশল অবলম্বন করলে নিজেকে এবং সঙ্গীদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব।
আন্তর্জাতিক ‘রেড ক্রস’ ও ‘রেড ক্রিসেন্ট সোসাইটি’র নিরাপত্তা নির্দেশিকা ‘ভলান্টিয়ার্স, স্টে সেফ’ এবং মার্কিন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ক্যাম্পেইন’ ও ‘এনএএসিপি’-এর নিরাপত্তা নির্দেশিকার আলোকে উত্তেজিত ভিড় বা আন্দোলনের মাঝে নিরাপদ থাকার জরুরি পদক্ষেপগুলো নিচে তুলে ধরা হল।
আতঙ্কিত না হয়ে চারপাশ পর্যবেক্ষণ করা
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বিপজ্জনক পরিস্থিতিতে টিকে থাকার প্রথম শর্ত হলো মাথা ঠান্ডা রাখা এবং ‘৩৬০ ডিগ্রি পরিস্থিতিগত সচেতনতা’ বজায় রাখা।
অর্থাৎ, শুধু সামনের দিকে না তাকিয়ে চারপাশে কী ঘটছে, ভিড় কোন দিকে এগোচ্ছে এবং বের হওয়ার বিকল্প গলি বা পথ কোথায় আছে তা দ্রুত দেখে নিতে হবে।
ভিড়ের স্রোতের বিপরীতে না যাওয়া
উত্তেজিত জনতা বা দৌড়াতে থাকা ভিড়ের মাঝে পড়ে গেলে কখনই স্রোতের বিপরীতে হাঁটার চেষ্টা করা উচিত নয়; এতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
বরং ভিড়ের গতির সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে কোনাকুনিভাবে ভিড়ের কিনারের দিকে সরে এসে পাশের কোনও নিরাপদ গলি, দোকান বা ভবনে আশ্রয় নেওয়া বুদ্ধিমানের কাজ।
উত্তেজিত জনতার সঙ্গে তর্কে না জড়ানো
মব বা উত্তেজিত জনতার মুখোমুখি হলে কোনওভাবেই চিৎকার, তর্কবিতর্ক বা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করা যাবে না। নিজের রাজনৈতিক বা ব্যক্তিগত মতামত জাহির করার চেষ্টা না করে নীরব ও শান্ত থাকা নিরাপদ।
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অনুমতি ছাড়া কারও ছবি তোলা বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে উত্তেজিত জনতা আরও ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে পারে।
গাড়ির ভেতরে থাকলে করণীয়
ব্যক্তিগত গাড়ি বা রিকশায় থাকা অবস্থায় আন্দোলনের মাঝে পড়ে গেলে গাড়ির দরজা ও জানালা দ্রুত লক করে দিতে হবে। ভিড়ের ভেতর দিয়ে জোর করে গাড়ি চালিয়ে যাওয়ার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক; এতে জনতা আরও উত্তেজিত হয়ে গাড়িতে ভাঙচুর চালাতে পারে।
পরিস্থিতি বেগতিক দেখলে গাড়ি নিরাপদ এক পাশে রেখে চাবি নিয়ে দ্রুত নিরাপদ কোনও স্থাপনায় সরে যাওয়াই শ্রেয়। সম্ভব হলে গাড়ি কোনও নিরাপদ স্থানে পার্ক করার ব্যবস্থা করতে হবে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বের হওয়া যাবে না।
সংঘর্ষ বা টিয়ার গ্যাস নিক্ষেপ হলে আত্মরক্ষা
পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে বা ইটপাটকেল ছোড়া শুরু হলে তাৎক্ষণিকভাবে কোনও কংক্রিটের পিলার, মজবুত দেয়াল বা নিরাপদ স্থাপনার আড়াল নিতে হবে।
নিরাপদ আশ্রয় না পেলে নিচু হয়ে বসে বা শুয়ে পড়ে দুই হাত ও ব্যাগ দিয়ে মাথা এবং ঘাড় ঢেকে রাখতে হবে, কারণ শরীরের এই অংশগুলো সংবেদনশীল।
টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়া হলে চোখ ও মুখ ভেজা কাপড় দিয়ে ঢেকে বাতাসের বিপরীত দিকে সরে যেতে হবে এবং চোখে কোনওভাবেই হাত ঘষা যাবে না।
জরুরি যোগাযোগ ও প্রস্তুতি
আন্দোলন বা জনসমাগমপূর্ণ এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই ফোনে আগে থেকেই অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখা, ফোনে পর্যাপ্ত চার্জ রাখা এবং পকেটে জাতীয় পরিচয়পত্রের কপি ও জরুরি যোগাযোগের নম্বর কাগজে লিখে রাখতে হবে।
বিপদে পড়লে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা নিতে হবে।
