২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ রোগী

গত সোমবার ৭ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন মঙ্গলবার তা বেড়ে ১৫ জনে দাঁড়ায়।

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ২১ রোগী

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2022, 05:02 PM

Updated : 28 Dec 2022, 05:02 PM

দেশে গত এক দিনে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৬টি নমুনা পরীক্ষা করে নতুন ২১ জন রোগী শনাক্ত হয়।

গত সোমবার ৭ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। পরদিন মঙ্গলবার তা বেড়ে ১৫ জনে দাঁড়ায়। সেই হিসাবে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে দুদিন ধরে।  

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৭৯ শতাংশ; যা আগেরদিন ০ দশমিক ৪৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৯ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮২ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৭ হাজার ৫২৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৫ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া নারায়ণগঞ্জ ২ জন, টাঙ্গাইল জেলায় ২ জন এবং সিলেট জেলায় ২ রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৫ কোটি ৮৫ লাখ।