২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: দিনে শনাক্ত ৮ রোগী, মৃত্যুহীন টানা ৯ দিন

সবশেষ ১১ জানুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2023, 06:15 PM

Updated : 20 Jan 2023, 06:15 PM

দেশে গত এক দিনে আরও ৮ জন নতুন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৪৮টি নমুনা পরীক্ষা করে ওই ৮ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪১ শতাংশ, আগের দিন যা শূন্য দশমিক ৩২ শতাংশ ছিল।

সবশেষ ১১ জানুয়ারি দেশে কোভিডে ১ জনের মৃত্যুর খবর এসেছিল। তারপর গত ৯ দিন ধরে কোভিডে মৃত্যুহীন বাংলাদেশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৪১৬ জন হয়েছে। কোভিডে মৃত্যুর সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৪১ জন রয়েছে।

গত একদিনে ১৭১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৯০ হাজার ৫৬৭ জন।

গত একদিনে আক্রান্ত ৮ জন রোগীর মধ্যে ৬ জন ঢাকা মহানগরের। এছাড়া গাজীপুর ও টাঙ্গাইলে একজন করে শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৭ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার।