কোভিড: দিনে শনাক্ত ১৫১ রোগী, মৃত্যু নেই
দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ, আগের দিন যা ৫ দশমিক ৪১ শতাংশ ছিল।
দেশে গত এক দিনে আরও ১৫১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, এই সময়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২০৫৫টি নমুনা পরীক্ষা করে ওই ১৫১ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৩৫ শতাংশ, আগের দিন যা ৫ দশমিক ৪১ শতাংশ ছিল।
দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১০ এর নিচে থাকছিল বেশ কয়েক মাস ধরে। মে মাসের মাঝামাঝি সময় থেকে তা আবার একটু একটু করে বাড়তে শুরু করে। ৬ জুন সেই সংখ্যা পৌঁছে যায় সাড়ে সাত মাস আগের অবস্থায়, ১৯৭ জনে। এরপর সেই সংখ্যা একশর আশপাশেই থাকছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪০ হাজার ৪৭০ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৫১ জনে রয়েছে।
দেশে কোভিডে সবশেষ ৬ জুন একজনের মৃত্যুর খবর আসে। এরপর গত পাঁচদিন সেই দুঃসংবাদ আসেনি।
গত ২৪ ঘণ্টায় ৭১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ৬৯৮ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের ১৪২ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া চট্টগ্রামে ৬ জন এবং কক্সবাজার, রাজশাহী ও নারায়ণগঞ্জে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
