কোভিডে আরও দুজনের মৃত্যু, শনাক্ত ১২১ রোগী
গত ২৪ ঘণ্টায় ১৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে গত একদিনে আরও ১২১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে আরও দুজনের মৃত্যু হয়েছে ঢাকায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৭৪৪টি নমুনা পরীক্ষা করে এই ১২১ জন রোগী শনাক্ত হয়।
এতে দিনে শনাক্তের হার হয়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ; আগের দিন এই হার ৭ দশমিক ১৭ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪২ হাজার ২৫২ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৬১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৪৬ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৮ হাজার ২০০ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১১০ জন ঢাকার; এছাড়া কক্সবাজারে ৭ জন এবং নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী ও ময়মনসিংহে একজন করে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
