কোভিড: ২৩০ রোগী শনাক্ত, ২ জনের মৃত্যু
একই সময়ে ৬৭ জন কোভিড রোগী সেরে ওঠেছেন।
দেশে গত এক দিনে আরও ২৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২০ অক্টোবর ২৪৩ জন রোগী শনাক্তের খবর এসেছিল, তারপর থেকে দিনে শনাক্ত রোগীর সংখ্যা তার নিচেই ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৯৬৭টি নমুনা পরীক্ষা করে ওই ২৩০ রোগী শনাক্ত হয়।
এতে দিনে শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ; আগের দিনে শনাক্তের হার ছিল ৬ দশমিক ৪১ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৫৭ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৬৭ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১৮ জনই ঢাকার। এর বাইরে সিলেটে ৪ জন, ময়মনসিংহে ২ জন এবং ফরিদপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বগুড়া ও ভোলায় একজন করে রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
