বগুড়ায় কোভিডে ২ মৃত্যু, দেশে শনাক্ত ৭১
এই মহামারীতে এখন পর্যন্ত দেশে ২৯ হাজার ৪৭১ জনের মৃত্যু হল।
দেশে গত এক দিনে আরও ৭১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে; এ সময়ে বগুড়ায় দুজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৪৫৩টি নমুনা পরীক্ষা করে ওই ৭১ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ; আগের দিন তা ৫ দশমিক ৪৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ৪৭১ জনে।
গত ২৪ ঘণ্টায় ৬৫ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন।
যাদের মৃত্যু হয়েছে, তাদের দুজনই নারী। একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, অন্যজন চল্লিশোর্ধ্ব। দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ৫২ জন ঢাকার; এর বাইরে কক্সবাজারে ৯ জন, জামালপুর ও সিলেটে দুজন করে এবং চট্টগ্রাম, ফরিদপুর, কিশোরগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও খুলনায় একজন করে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
