চবি শিক্ষার্থীকে যৌন নিপীড়ন: জামিনে বেরিয়ে মামলা প্রত্যাহারের ’হুমকি’
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় জিডি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জামিনে ছাড়া পেয়ে এবার মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হাটহাজারী থানায় জিডি করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী; অভিযোগের সত্যতা জানতে বিশ্ববিদ্যালয় থেকে আলাদা একটি তদন্ত কমিটিও হয়েছে।
ভূক্তভোগী ওই শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় জামিনে আসা আসামিরা ফেইসবুকে অশ্লীল প্রচার ও মিথ্যাচার করছে। এখন মনে হচ্ছে, আমি এই ক্যাম্পাসে নিরাপদ না। তাই বাধ্য হয়ে জিডি করেছি।
“গত ১১ জুন বিকালে জিরো পয়েন্টে পেয়ে আসামিরা আমাকে মামলা প্রত্যাহারের হুমকি দেয় এবং মারধরসহ সামাজিকভাবে আরও হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়েছে।”
বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৌরভ সাহা জয় বলেন, বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় মামলা চলছে, ওই ছাত্রী আইনি প্রক্রিয়ায় যাতে সুবিধা পায় সেজন্য জিডি করতে পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছেন হাটহাজারী থানার ওসি রুহুল আমিনও। তিনি বলেন, “মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী জিডি করেছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি।”
গত বছরের ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করে কয়েকজন।
ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। পরে ২০ জুলাই ওই শিক্ষার্থী হাটহাজারী থানায় মামলা করেন।
এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে আন্দোলন শুরু হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজিম, নৃবিজ্ঞান বিভাগের নুরুল আবছারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব।
অন্য তিনজন হলেন- হাটহাজারী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. নুর হোসেন শাওন (২২) ও দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা মাসুদ (২২) ও মো.সাইফুল(২২)।
গ্রেপ্তার হওয়া পাঁচজনের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী হওয়ায় তারা সবাই ক্যাম্পাসের বিভিন্ন কলোনিতে থাকেন। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারসহ অন্যদের ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হয় সে সময়।
আসামিরা কারাগারে থাকা অবস্থায় ভুক্তভোগী ছাত্রী টিআই প্যারেডের (শনাক্তকরণ মহড়া) মাধ্যমে তাদের শনাক্ত করেছিলেন।
আসামিরা কবে কীভাবে জামিনে বের হলেন জানতে চাইলে চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে। তবে কখন মুক্তি পেয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারছি না।”
স্থানীয় বাসিন্দারা জানান, গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে আসামিদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে।
মামলা তোলার হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
পুরনো খবর
