ডাকসু: নতুন বাস্তবতায় ভিন্ন রকম ভোট
“সাড়ে ৫ মাস পর জাতীয় নির্বাচন যদি হয়, তার আগে এই ডাকসু নির্বাচন কেমন হবে। এটা একটা আগ্রহ জাগায়,” বলেন এক বিশ্লেষক।
ক্যাম্পাসে একক আধিপত্য নেই কোনো ছাত্র সংগঠনের, ক্ষমতাসীন দলের সংগঠনের সেই দাপটও নেই, এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে রাখছেন না ভোটাররা। জুলাই অভ্যুত্থানের পর এমন ভিন্ন এক প্রেক্ষাপটে ছয় বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন।
অন্তর্বর্তী সরকারের এই সময়ে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনার মধ্যে ডাকসুর ভোট উত্তাপ ছড়িয়েছে ক্যাম্পাসের বাইরেও।
প্রার্থীদের কেউ কেউ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে শঙ্কার কথা বললেও; অভিযোগ-পাল্টা অভিযোগ তুললেও উৎসবমুখর পরিবেশ ছাপিয়ে গেছে সবকিছুকে। সবার আশা ভোটাররা কেন্দ্রে আসবেন নিজেদের প্রতিনিধি নির্বাচনে তাদের পছন্দ প্রকাশ করবেন।
নির্বাচনে নতুনত্ব এনে এবার ভোটকেন্দ্রগুলোকে আবাসিক হলের বাইরে এনেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ; নেওয়া হয়েছে সাংবাদিকদের সামনে ব্যালট-বাক্স সিলগালা আর ভোটগণনা এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোট দিয়ে ছাত্র সংসদে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন শিক্ষার্থীরা। ছয় বছর পর নুরুল হক নুর ও জিএস হন গোলাম রাব্বানীর উত্তরসূরী বেছে নেবেন তারা। সবশেষ ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে তারা দুজন যথাক্রেমে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরীন বলেন, “এবারের ডাকসু নির্বাচন যে পরিস্থিতিতে হচ্ছে, তাতে দুটো দিক আলাদাভাবে বলা যায়। এক হল ছাত্রশিবির সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। যদিও তারা শিবিরের ব্যানার নিয়ে নির্বাচন করছে না। অন্য নামে প্যানেল করেছে। শিবিরের সক্রিয় হওয়াটা নতুন অভিজ্ঞতা। আমার ২৫ বছরের অভিজ্ঞতায় শিবিরকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সক্রিয় দেখিনি।”
তিনি বলেন, “আরেকটি দিক হল সরাসরি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের একক প্রভাব নেই। যদিও এনসিপির ছাত্র সংগঠন নির্বাচনে অংশ নিচ্ছে। এনসিপিকে কেউ কেউ ‘কিংস পার্টিও’ মনে করছে।
“আর ছাত্রদল বা অন্য রাজনৈতিক সংগঠনও আছে। বামপন্থিরা ভাগ হয়ে নির্বাচন করছে। ফলে একক কোনো দলের প্রভাব এবার দেখা যাচ্ছে না। এককভাবে কোনো ক্ষমতাসীন দলের প্রভাব না দেখা গেলেও বিভিন্ন দলের রাজনৈতিক প্রভাব আছে।"
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮১০টি বুথে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।
তাদের সমর্থন পেতে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মোট ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবেও লড়ছেন অনেকে।
প্রতি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪টি। ১৮টি হলে এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।
আগের মতো এবারও অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর শিটের ব্যালটে ভোটগ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের। ব্যালটে থাকবে, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার জায়গা।
দৃষ্টি প্রতিবন্ধতা আছে, এমন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে ‘প্রথমবারের মতো’ ব্রেইল ব্যালট পেপারের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা চাইলে অন্যের সহায়তায় ওএমআর ব্যালটেও ভোট দিতে পারবেন।
আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে আগের দিন রাতেই। সোমবার ভোটগ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন ডাকসু ভোটে গঠিত নির্বাচন কমিশন। সন্ধ্যায় কেন্দ্রে কেন্দ্রে গেছে ভোটের সরঞ্জাম।
ক্যাম্পাসে ইতোমধ্যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ভোটের দিন থাকবেন দুই হাজার পুলিশ সদস্য। তাদের সঙ্গে থাকবেন বিজিবি সদস্যরাও। টিএসসিতে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামান, খোলা হয়েছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।
সোমবার বিকালে ওই কন্ট্রোল রুমের সামনে এক ব্রিফিংয়ে ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কড়া নিরাপত্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা হয়েছে। এখানে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।
তিনি বলেন, গত ১০ দিন থেকে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল, মঙ্গলবারও ভালো থাকবে। এ নিরাপত্তা ব্যবস্থা ভোটের পরদিন বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় সময় আরও বাড়ানো হবে।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনও।
এদিন বিকালে সিনেট ভবনে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোন ধরনের শঙ্কা আমরা দেখছি না। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি ৪টার সময়ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করলে তাদেরও সুযোগ দেওয়া হবে।”
ডাকসু নির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী এই শিক্ষক বলেন, এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি অনুসরণ করতে পারে, এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।
নির্বাচনে যথাযথ ধাপ অনুসরণ করার দাবি করে তিনি বলেন, “যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আজকের এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন।”
শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকে কেন্দ্রে আসার অনুরোধ করেন। বলেন, “আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”
জাতীয় রাজনীতিতে প্রভাব কতটা?
নতুন বাস্তবতায় আয়োজিত ডাকসু ভোট সাড়ে পাঁচ মাস পর হতে যাওয়া জাতীয় নির্বাচনের বিষয়েও ধারণা দেবে বলে মনে করছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।
আগামি ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে এ ডাকসু নির্বাচনকে ‘মহড়া’ হিসেবে বর্ণনা করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ৫ মাস পর জাতীয় নির্বাচন যদি হয়, তার আগে এই ডাকসু নির্বাচন কেমন হবে। এটা একটা আগ্রহ জাগায়।
“এই নির্বাচনে তো বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের প্যানেলও আছে। তাই এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে একটা ধারণাও উঠে আসবে।”
তিনি বলেন, ডাকসু নির্বাচনতো কয়েক বছর পরে হচ্ছে। এজন্য সবার আগ্রহটাও বেশি। দ্বিতীয়ত চব্বিশের অভ্যুথানের পর এবার একটু ভিন্ন পরিস্থিতিতে ডাকসু নির্বাচন হচ্ছে। ফলে কী হয়- না হয় তা নিয়ে অনেকের কৌতুহল আছে।
“জাতীয় নির্বাচনে আমাদের রাজনৈতিক দলগুলোর অবস্থা কেমন। এসব জায়গা থেকে চিন্তা করলে ডাকসু নির্বাচন আমাদের রাজনীতিতেও খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের স্বচ্ছতা-নিরপেক্ষতা বজায় থাকাটাও জরুরি।"
এ নির্বাচন কতটা স্বচ্ছ-নিরপেক্ষ হবে বলে মনে করেন- এমন প্রশ্নে মহিউদ্দিন আহমদ বলেন, “কালকে (মঙ্গলবার) কী হবে, তা তো আগে থেকে বলা মুশকিল। তবে ’৭৩ এর নির্বাচনের মতো ব্যালট ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটবে না বলেই আশা করি।”
তবে ভিন্ন মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের। তিনি বলেন, ডাকসু নির্বাচন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করলেও জাতীয় রাজনীতিতে এর বড় রকমের প্রভাব পড়বে বলে তার মনে হচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় বাংলাদেশের নানান ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। এজন্য ডাকসু নির্বাচন নিয়েও সারা দেশের মানুষেরও একটা আগ্রহ আছে।
“তবে এই নির্বাচন থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় রকম প্রভাব তৈরি হবে বলে আমি মনে করি না। এটা বিশ্ববিদ্যালিয়ের শিক্ষার্থীদের নিজস্ব একটা নির্বাচন।”
কোনো কিছুতে আগ্রহ থাকা, আর কোনো বিষয় দ্বারা প্রভাবিত হওয়া এক বিষয় নয় মন্তব্য করে তিনি বলেন, “ডাকসু অনেক বছর ধরেইতো অনিয়মিত। ডাকসু নির্বাচন হচ্ছে, এজন্যই সবাই হয়তো একটু বেশিই আগ্রহী হয়ে আছেন।"
ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত গণতান্ত্রিক পরিবেশ বজায় আছে এবং এবারের ডাকসু নির্বাচন স্বচ্ছ-নিরপেক্ষ প্রক্রিয়ায় সম্পন্ন হবে বলে আশা করছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন।
১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ডাকসুতে সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন তিনি। তিনি মনে করেন, ডাকসুতে যারাই বিজয়ী হবেন, তারা যেন ক্ষমতাসীনদের চ্যালেঞ্জ করা বা প্রশ্ন করার জায়গায় থাকেন।
ডাকসুর সাবেক এই নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের পরিবেশ তো এখন পর্যন্ত ভালোয় মনে হচ্ছে। এই নির্বাচন থেকে আমাদের জাতীয় রাজনীতির অনেকে শিক্ষা নেবেন কিনা, সেটাও দেখার বিষয়।
“আমি আশা করি নির্বাচন স্বচ্ছ-নিরপেক্ষ এবং গণতান্ত্রিক ধারায় হবে এবং সবাই ফলাফল মেনে নিয়ে গণতান্ত্রিক আচরণ করবেন।"
এ নির্বাচন জাতীয় রাজনীতিতে কী প্রভাব ফেলবে? এ প্রশ্নে মুশতাক হোসেন বলেন, "এই নির্বাচনে অংশ নেওয়া বা বিজয়ী সবাই যে পরে জাতীয় নির্বাচনেও ভালো করবেন- সেটা সব সময় হয় না।
"তবে ছাত্রদের মধ্যে যারা ডাকসুর নেতৃত্বে আসবেন, তারা যেন ক্ষমতাসীন সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন। ডাকসুতে যারা নির্বাচিত হবেন, তারা বর্তমান সরকার এবং আগামীতেও যে সরকারই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে, তাদেরকে চ্যালেঞ্জ করা এবং ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখবে; আমি এমনটাই আশা করি।"
রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন বলেন, “ডাকসু আমাদের জাতীয় রাজনীতিতেও নানাভাবে প্রভাব ফেলবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তো একটা প্রভাব ফেলবেই। এখন রাজনৈতিক সরকার নেই। সামনের রাজনীতি কোন পথে যাবে, তারও কিছুটা ধারণা হয়ত পাওয়া যাবে এই নির্বাচন থেকে।"
কার প্রতিদ্বন্দ্বী কে
এবার ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে; এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।
নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ ও তাদের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোর অনুপস্থিতিতে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিরোধীদের মধ্যে; যারা গত বছর শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে যারা কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছিলেন।
ভোটে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।
জুলাই অভ্যুত্থানকে ভাবনায় রেখে প্যানেলগুলো প্রার্থী বাছাইয়ে ওই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা ব্যক্তিদের খুঁজে নিয়েছে।
এমন বাস্তবতায় সংগঠনের জ্যেষ্ঠদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রধান তিন পদ ভিপি, জিএস ও এজিএস প্রার্থী করেছে ছাত্রদল। জুলাই আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকাও বিবেচনায় নেওয়ার বিষয়টি স্পষ্ট।
ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকা শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজমুদার ওই অভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
এ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুনও জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন তিনি বাগছাসের মুখপাত্র।
ডাকসু নির্বাচন ঘিরে বিভক্তির জেরে বাগছাস থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জিএস পদে ভোটে নেমে পদ খুইয়েছেন এনসিপি নেতা মাহিন সরকার।
তবে পরে বাকেরকে সমর্থন দিয়ে মাহিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন পদে এখনও স্বতন্ত্র হিসেবে রয়েছেন বেশ কয়েকজন।
সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ভিপি প্রার্থী করেছে শেখ তাসনীম্ আফরোজ ইমিকে; জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রী ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি ছিলেন।
প্রতিরোধ পর্ষদ তাদের জিএস প্রার্থী করেছে ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে। আর এজিএস পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকার কথা আলোচনায় আছে।
স্বতন্ত্র প্রার্থীদের থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। এক সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন তিনি।
উমামার প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মাস্টার দা সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।
সাংবাদিকতার সূত্রে ক্যাম্পাসে পরিচিতির পাশাপাশি জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকায় ছিলেন আল সাদী। জুলাইয়ে সরকার পতন আন্দোলনের আগে কোটা পুনর্বহাল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যে দুই ছাত্র আপিল করেছিলেন, তাদের একজন ছিলেন তিনি। উমামার প্যানেলের এজিএস প্রার্থী জাহেদ আহমদ পাঠচক্রের প্ল্যাটফর্ম ‘গুরুবার আড্ডা’র সংগঠক।
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকা আবু সাদিক কায়েম যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, তা জানা ছিল না আন্দোলনের সংগঠকদের অনেকের কাছেও। পরে তার পরিচয় প্রকাশ্যে এলে হতবাক হন অনেকে। বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিককে ডাকসুতে ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির।
জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এখন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জসীম উদ্দীন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সমাজকল্যাণ ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন।
গোপনে ক্যাম্পাসে কার্যক্রম চালানো ছাত্রশিবির নেতা ফরহাদের ছাত্রলীগে নাম লেখানোর ঘটনা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। এক সময় সমাজকল্যাণ ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের সম্পাদক পদধারী হিসেবে সোশাল মিডিয়ায় তার নামের ছবি ঘুরলেও তিনি এটা অস্বীকার করে আসছেন।
ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মুহা. মহিউদ্দীন খান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।
ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল-বাংলাদেশ জাসদ) নিয়ে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ১৩ জন প্রার্থী দিতে পেরেছে।
এই প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বিসিএল-জাসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এনামুল হাসান অনয় এই প্যানেলের জিএস এবং ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম এজিএস প্রার্থী।
‘সুন্দর বাচনভঙ্গি’ ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে। অতীতে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠন জাসদ ছাত্রলীগের একটি প্রতিবাদ কর্মসূচিতে দেখা গেছে তাকে।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ডাকসু ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবার ভিপি প্রার্থী করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে।
জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে ও এজিএস পদে ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামকে প্রার্থী করেছে সংগঠনটি।
ভোট উৎসবের মধ্যেও ‘শঙ্কা’
শিক্ষার্থীদের বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ২৬ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর (রোববার রাত ১০টা পর্যন্ত) ডাকসু ও হল সংসদের আনুষ্ঠানিক প্রচার চলে।
১৩ দিনের আনুষ্ঠানিক প্রচারে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন, জড়িয়েছেন আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক বিতর্কে। আদর্শিকভাবে বিপরীতমুখী ছাত্র সংগঠনের নেতারাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছেন।
আচরণবিধি লঙ্ঘন হলে তা প্রতিকারের চেষ্টা করে ডাকসু ভোটে গঠিত নির্বাচন কমিশন। অভিযোগের কামান দাগালেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর মধ্যে উচ্চ আদালতে একটি রিট মামলার আদেশে ডাকসু ভোটে স্থগিতাদেশ এলে প্রচারে কয়েক ঘণ্টার বিঘ্ন ঘটে। সেই খবরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। এরপর সর্বোচ্চ আদালতের আদেশে ডাকসু নির্বাচন নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হওয়ার পথ খোলে।
ভোটের পরিবেশ ঠিক রাখতে আগের দিন সোমবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোটের দিন মঙ্গলবার পুরো ক্যাম্পাসকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার কথা বলেছেন ডিএমপি কমিশনার।
এর মধ্যেও নির্বাচনের দিন নিয়ে শঙ্কার কথা বলেছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র হয়ে ভোটের লড়াইয়ে নামা প্রার্থীরা।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া বলেন, “ডাকসু নির্বাচনে আমাদের শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে খাইয়ে, টাকা-পয়সা বিলিয়ে একটি দল শিক্ষার্থীদের ভোট কেনার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা খাবারের ও টাকা-পয়সার বিনিময়ে কাউকে ভোট দেবে না।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “যারা আপনাদের খাইয়ে ভোট নিতে চায়, যারা টাকা দিয়ে ভোট নিতে চায়, তারা নির্বাচিত হলে কিংবা তারা ক্ষমতায় আসলে আপনার ক্ষমতা দেখিয়ে তারা আপনার সিট দখল করে নেবে। তারা আপনার ক্যাম্পাসে নিরাপত্তা ও অধিকারকে ছিনিয়ে নেবে। সে জায়গায়, আমি শিক্ষার্থীদেরকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার বলেন, “আমরা শুরু থেকেই একটা আশঙ্কার কথা তো বলছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। আমরা এর আগে দেখেছি যে, নির্বাচন কমিশন যেসব প্যানেল আচরণবিধি লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধেতো কোনো ব্যবস্থা নেয়নি।”
সেক্ষেত্রে নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা নিয়ে শিক্ষার্থীদের মনে আশঙ্কা থাকার কথা তুলে ধরে তিনি বলেন, “তবে আমি মনে করি, আগামীকাল (মঙ্গলবার) একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা পাচ্ছি।”
ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম বলেছেন, “একটি গোষ্ঠী, যারা আগামীকাল নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকে, যারা জনপ্রিয় নেতা রয়েছে, শিক্ষার্থীরা যাদের পাশে রয়েছে, তাদের ভয়ে শঙ্কিত হয়ে বিভিন্ন সাইবার অ্যাটাক দিচ্ছে।
“সাইবার অ্যাটাক তারা দিতেই পারে, ভালো কথা। আমি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাব, যারা সাইবার অ্যাটাক দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা আগামীকালকে ব্যালট অ্যাটাক দেবেন। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা আগামীকাল ব্যালট অ্যাটাক দেবে বলে আমাদের বিশ্বাস।”
নির্বাচনের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত প্রতিরোধ পর্ষদ এর জিএস প্রার্থী মেঘমল্লার বসু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা শুরু থেকেই নানা দাবি-দাওয়া দিয়ে এসেছি। কিন্তু নির্বাচন কমিশন কোন দাবিই আমলে নেইনি। সেক্ষেত্রে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে।“
ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী ঐক্য’ এর জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেছেন, “একদল এখনও নির্বাচন বানচালের চেষ্টা চলছে। এখনও আমাদের প্রার্থীদের মধ্যে সংঘাত বাধানোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে আমরা এসব বিষয় নিয়ে আমরা সজাগ আছি। আমরা চাই, শিক্ষার্থীদের অধিকার রক্ষার ডাকসুকে আমরা বানচাল করতে দিব না।”
