ডাকসু: ২০০০ পুলিশের ঘেরাটোপে হবে ভোট
“আমাদের অফিসারদের সঙ্গে বডি ক্যামেরা যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা মোতায়েন থাকবে,” বলেন ডিএমপি কমিশনার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার নির্বাচনের দিন ক্যাম্পাসে ২ হাজার ৯৬ জন পুলিশ মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর সঙ্গে সমন্বয় করে কাজ করার তথ্য দিয়ে তিনি বলেন, কোনোরূপ নিরাপত্তাহীনতার আশঙ্কা নেই।
নির্বাচনের আগের দিন সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই নির্বাচন সুষ্ঠুভাবে করতে গত এক সপ্তাহ ধরে নানা পুলিশি কার্যক্রম চলছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। যদিও দুইটি ছেলের মধ্যে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এটা ব্যতীত আর কোনো বড় ঘটনা হয়নি।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার আশা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের জন্য আটটি চেকপোস্ট স্থাপন করা হবে। আটটি ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তার পাশাপাশি পুলিশের টহল দল নিয়োজিত থাকবে।
“আমরা আমাদের অফিসারদের সঙ্গে বডি ক্যামেরা যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম এবং বোম্ব ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা মোতায়েন থাকবে। পাশাপাশি ক্রাইম সিন ম্যানেজমেন্ট থাকবে।“
পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকার তথ্য দিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা মনিটরিং সেলও থাকবে। স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে।
“সাব কন্ট্রোল রুমে আমি সর্বক্ষণিক থাকার চেষ্টা করব। পুলিশ বাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার লোকজনও নিয়োজিত থাকবে।”
শেখ সাজ্জাত বলেন, “আজ (সোমবার) ১ হাজার ৭৭১ জন পুলিশ ঢাবিতে নিরাপত্তার দায়িত্বে আছেন। আগামীকাল ২ হাজার ৯৬ জন পোশাকধারী পুলিশ শুধু ডিএমপি থেকে দায়িত্বে থাকবে। কোনো অঘটন হবে না ইনশাল্লাহ, সবাইকে আমরা আশ্বস্ত করছি। এর বাইরে র্যাব ও বিজিবি স্ব স্ব বাহিনী নিয়োগ করবে।
এর আগেই ডিএমপি থেকে গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অস্ত্র বহন নিষিদ্ধ করার কথা তুলে ধরে তিনি বলেন, “এই ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে ক্যাম্পাসের সর্বত্রই পুলিশের সদস্যরা থাকবেন।”
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আগামীকাল শাহবাগ, হাই কোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিংয়ের কিছু বিকল্প রাস্তা বা ডাইভার্সন চালু থাকবে। সবাইকে একদিনের জন্য বিকল্প রাস্তাগুলো ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।”
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘আইনশৃঙ্খলা’ পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই: নির্বাচন কমিশনার
এদিকে ডাকসু ভোটের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বিকালে পৃথক সংবাদ সম্মেলন করেন।
নির্বাচন কমিশন অফিসের সামনে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। কোন ধরনের শঙ্কা আমরা দেখছি না। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। যদি ৪টার সময়ও কেউ ভোটকেন্দ্রের সামনে অবস্থান করেন তাদেরও সুযোগ দেওয়া হবে।”
এবারের ভোট একটি মডেল নির্বাচন হবে দাবি করে তিনি বলেন, “এবারের নির্বাচন হবে একটি মডেল নির্বাচন, যা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুসরণ করতে পারে এমন দৃষ্টান্ত ঢাবি শিক্ষার্থীরা তৈরি করবে।
“যেভাবে আপনাদের কথা দিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আজকের এই পর্যায়ে এসেছি। আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শিক্ষার্থীরা ডাকসুতে অংশগ্রহণ করছে। আপনারা ডাকসু প্রার্থীদের সংখ্যা দেখেই বুঝতে পারছেন।”
শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী সবাই যেন ভোট দিতে আসে তাদের প্রতি অনুরোধ থাকবে। আমরা সকল অংশীজনের সহযোগিতা চাই। যেন আমরা সুষ্ঠুভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারি।”
