২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু: উৎসবমুখর প্রচার শেষে ভোটের অপেক্ষা

এবার ২৮টি পদে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।

ডাকসু: উৎসবমুখর প্রচার শেষে ভোটের অপেক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার আটটি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে শারীরিক শিক্ষা কেন্দ্রও রয়েছে। এরই মধ্যে কেন্দ্রটি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে। ছবি: মাহমুদ জামান অভি

বিডিনিউজ২৪

মাসুম বিল্লাহ, পাভেল রহমান ও আরফাতুল ইসলাম নাইম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 01:03 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

তপ্ত দিনে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন প্রার্থী আর তাদের সমর্থকরা, উত্তাপ ছড়ানো সূর্যালোক থামাতে পারেনি কাউকে; এর মধ্যে কেউ লিফলেট নিয়ে হাসিমুখে চেয়েছেন ভোট, আবার কেউ ‘প্রজেকশন’ মিছিলে দ্রোহের স্লোগানে চেয়েছেন সমর্থন।

ভোটাররাও সহাস্যে কুশল বিনিময় করেছেন প্রার্থীদের সঙ্গে। দিনভর শ্রেণিকক্ষ, ক্যাম্পাস আর হলের আড্ডায় ঘুরেফিরেই এসেছে ভোটের আলাপ।

শিক্ষার্থীদের এমন বিপুল উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রোববার শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটের প্রচার।

ভোটের তফসিল অনুযায়ী, ২৬ অগাস্ট থেকে শুরু হয়েছে ডাকসু ভোটের প্রচার-প্রচারণা, যার শেষ হয় রোববার রাত ১০টায়।

আনুষ্ঠানিক প্রচারের ১৩ দিনে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের তীর ছুঁড়েছেন, জড়িয়েছেন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক নানা বিতর্কে। আচরণবিধি লঙ্ঘন হলে তা প্রতিকারের চেষ্টাও করে ডাকসু ভোটের জন্য গঠিত নির্বাচন কমিশন।

একে অপরের বিরুদ্ধে অভিযোগের কামান দাগালেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর মধ্যে উচ্চ আদালতে একটি রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু ভোটে স্থগিতাদেশ এলে প্রচারে কয়েক ঘণ্টার বিঘ্ন ঘটে।

ভোট স্থগিতের সেই খবরে শিক্ষার্থীদের তীব্র প্রতিক্রিয়া হয়, ৯ সেপ্টেম্বরেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে একাট্টা ছিলেন সব প্যানেলের প্রার্থীরা।

এরপর সর্বোচ্চ আদালতের আদেশে ডাকসু নির্বাচন নির্ধারিত দিনে হওয়ার পথ খুলেছে।

প্রচারের পর্দা নামার দিনে ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা বলেছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন।

৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ ভোটের বিপরীতে ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

রোববার ভোটের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে এসে অধ্যাপক জসীম বলেন, সর্বোচ্চ সংখ্যক ভোটার যাতে কেন্দ্রে আসে, সেই ব্যবস্থা তারা করেছেন।

কোনো ধরনের গুজবে কান না দিয়ে নির্বিঘ্নে সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের শপথবাক্য পাঠের অনুষ্ঠান হয়। ছবি: মাহমুদ জামান অভি

ডাকসু ও হল সংসদ নির্বাচন সামনে রেখে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদের শপথবাক্য পাঠের অনুষ্ঠান হয়

প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, “গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে।”

কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ফেইসবুক পাতা বা ওয়েবসাইট অনুসরণ এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

২০১৯ সালের মত এবারও ওএমআর ব্যালটে ছাত্র সংসদের ভোট নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে, এমন শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালটের ব্যবস্থাও করা হয়েছে। বাংলাদেশের কোনো নির্বাচনে এমন উদ্যোগ প্রথম হওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।

কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা

ডাকসুতে ২৮টি পদের মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন।

জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। নিয়মিত শিক্ষার্থীদের জন্য হলগুলোর আসন বণ্টনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ন্ত্রণও প্রতিষ্ঠিত হয়েছে অনেকটা।

এমন প্রেক্ষাপটে এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিচ্ছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।

নিষিদ্ধ-ঘোষিত ছাত্রলীগ ও তাদের নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠনগুলোর অনুপস্থিতিতে এবার ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তাদের বিরোধীদের মধ্যে; যারা ২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিল।

এবারের নির্বাচনে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), সাতটি বাম ছাত্র সংগঠনের ‘প্রতিরোধ পর্ষদ’, জুলাই আন্দোলনের নেত্রী উমামা ফাতেমার ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিন বাম সংগঠনের ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ অন্তত ১০টি প্যানেল।

জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় প্যানেলগুলো প্রার্থী বাছাইয়ে ওই আন্দোলনে সক্রিয় ভূমিকায় থাকা ব্যক্তিদের খুঁজে নিয়েছে।

এ নতুন বাস্তবতা মাথায় রেখে জ্যেষ্ঠদের বাদ দিয়ে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রধান তিন পদ- ভিপি, জিএস ও এজিএস প্রার্থী করেছে ছাত্রদলও। জুলাই আন্দোলনে তাদের সক্রিয় ভূমিকাও বিবেচনায় নেওয়ার বিষয়টি স্পষ্ট।

ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রোববার ডাকসু নির্বাচনে প্রচারের শেষ দিনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে রোববার ডাকসু নির্বাচনে প্রচারের শেষ দিনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকাদের প্রতিষ্ঠিত বাগছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং এজিএস প্রার্থী আবু বাকের মজমুদার ওই অভ্যুত্থানের সম্মুখসারিতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।

এ প্যানেলের এজিএস প্রার্থী আশরেফা খাতুনও জুলাই আন্দোলন সক্রিয় ভূমিকায় ছিলেন। এখন তিনি বাগছাসের মুখপাত্র।

ডাকসু নির্বাচন ঘিরে বিভক্তির জেরে বাগছাস থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জিএস পদে ভোটে নেমে পদ খুইয়েছেন এনসিপি নেতা মাহিন সরকার।

পরে বাগছাসের প্রার্থী বাকেরকে সমর্থন দিয়ে মাহিন ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেও বিভিন্ন পদে এখনও স্বতন্ত্র হিসেবে রয়েছেন বেশ কয়েকজন।

সাতটি বাম ছাত্র সংগঠন মনোনীত ‘প্রতিরোধ পর্ষদ’ তাদের ভিপি প্রার্থী করেছে শেখ তাসনীম্ আফরোজ ইমিকে; জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রী ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে শামসুন নাহার হলের ভিপি ছিলেন।

প্রতিরোধ পর্ষদ তাদের জিএস প্রার্থী করেছে ছাত্র ইউনিয়ন একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুকে। আর এজিএস পদে প্রার্থী জাবির আহমেদ জুবেল বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনের পাশাপাশি বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকার কথা আলোচনায় আছে।

স্বতন্ত্র প্রার্থীদের থেকে বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল গড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা। একসময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিবও ছিলেন তিনি।

উমামার প্যানেলে জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি। ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মাস্টার দা সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।

সাংবাদিকতার সূত্রে ক্যাম্পাসে পরিচিতির পাশাপাশি জুলাই আন্দোলনেও সক্রিয় ভূমিকায় ছিলেন আল সাদী ভূঁইয়া। জুলাইয়ে সরকার পতন আন্দোলনের আগে কোটা পুনর্বহাল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে যে দুই ছাত্র আপিল করেছিলেন, তাদের একজন ছিলেন তিনি। উমামার প্যানেলের এজিএস প্রার্থী জাহেদ আহমদ পাঠচক্রের প্ল্যাটফর্ম ‘গুরুভার আড্ডা’র সংগঠক।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকায় থাকা আবু সাদিক কায়েম যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি, তা জানা ছিল না আন্দোলনের সংগঠকদের অনেকের কাছেও। পরে তার পরিচয় প্রকাশ্যে এলে হতবাক হন অনেকে। বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিককে ডাকসুতে ভিপি প্রার্থী করেছে ছাত্রশিবির। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রোববার মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।  ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে রোববার মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু

জিএস পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ এখন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। জসীম উদ্‌দীন হল ডিবেটিং সোসাইটির সভাপতি ও সমাজকল্যাণ ইনস্টিটিউট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। 

গোপনে ক্যাম্পাসে কার্যক্রম চালানো ছাত্রশিবির নেতা ফরহাদের ছাত্রলীগে নাম লেখানোর ঘটনা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। এক সময় সমাজকল্যাণ ইনস্টিটিউট শাখার ছাত্রলীগের সম্পাদক পদধারী হিসেবে তার নামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরলেও তিনি এটা অস্বীকার করে আসছেন।

ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের এজিএস প্রার্থী মুহাঃ মহিউদ্দীন খান সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।

ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল-বাংলাদেশ জাসদ) নিয়ে ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল ১৩ জন প্রার্থী দিতে পেরেছে।

এ প্যানেলের ভিপি প্রার্থী নাইম হাসান হৃদয় বিসিএল-জাসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি। ছাত্র ইউনিয়নের একাংশের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক এনামুল হাসান অনয় এ প্যানেলের জিএস এবং ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব অদিতি ইসলাম এজিএস প্রার্থী।

সুন্দর বাচনভঙ্গি ও ভিন্নধর্মী ইশতেহার দিয়ে এবার ভোটের মাঠে আলোচনা তৈরি করেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী; থাকেন বিজয় একাত্তর হলে। অতীতে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদভুক্ত সংগঠন জাসদ ছাত্রলীগের একটি প্রতিবাদ কর্মসূচিতে দেখা গেছে তাকে।

২০১৯ সালের ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে ডাকসু ভোটে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবার ভিপি প্রার্থী করেছে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে।

জিএস হিসেবে সাবিনা ইয়াসমিনকে এবং এজিএস পদে লড়বেন ছাত্র অধিকারের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল ইসলামকে প্রার্থী করেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার দুপুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের প্রার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার দুপুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রচার শুরু করেন ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের প্রার্থীরা

শেষ দিনের ভোটের প্রচার

আনুষ্ঠানিক প্রচারের শেষদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আটটি বিষয়ে শপথ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকসু এবং হল সংসদের প্রার্থীরা। ওই শপথে নিজেরা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন পরিবেশ তৈরিতে কাজ করবেন, সে বিষয়ে অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠান শেষে প্রার্থীরা প্রচারণায় নামে। এসময় ছাত্রদলের প্রার্থীদের কলা অনুষদের পিছনে শ্যাডো, ব্যবসায় অনুষদ, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলায় প্রচারণা চালাতে দেখা যায়।

বিকালে বটতলায় একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম সাংবাদিকদের বলেছেন, “আর মাত্র একদিন বাকি ডাকসু নির্বাচনের। এর পূর্বে শিক্ষার্থীদের ভেতর আর শঙ্কা তৈরি করা উচিত হবে না। আমরা চাই, শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে অংশ নিবে।”

এরপর সন্ধ্যার দিকে সুফিয়া হলে প্রজেকশন মিটিংয়ে অংশ নেন ডাকসু ও হল সংসদের প্রার্থীরা। সেখান থেকে সর্বশেষ তারা শেখ মুজিবুর রহমান হলে প্রচারণার মধ্যদিয়ে ডাকসু নির্বাচনে প্রচার কাজ শেষ করেন। 

প্রচারণার শেষ দিনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদের (বাগছাস) প্রার্থীরা সমাজকল্যাণ ইনস্টিটিউট, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, লেদার ইনস্টিটিউট ও ভিসি চত্বর এলাকায় প্রচারণা চালান।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ব্যবসায় অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে এবং কেন্দ্রীয় লাইব্রেরিসহ আশপাশের এলাকায় বিকাল পর্যন্ত প্রচারণা চালাতে দেখা গেছে তাদের।

সেখান থেকে এসে বিকাল ৫টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন তারা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রোববার প্রচারে গিয়ে দুই ভিপি প্রার্থী— স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ও ইসলামী ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েমের মধ্যে দেখা হয়ে যায়। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রোববার প্রচারে গিয়ে দুই ভিপি প্রার্থী— স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের উমামা ফাতেমা ও ইসলামী ছাত্রশিবির প্যানেলের সাদিক কায়েমের মধ্যে দেখা হয়ে যায়

ডাকসু নির্বাচনের প্রচারের শেষ দিনে নানা অভিযোগ দিয়ে প্রচার কাজ শেষ করেছেন এ প্যানেলের ভিপি-জিএস প্রার্থী আব্দুল কাদের ও আবু বাকের মজুমদার।

তাদের অভিযোগ, ডাকসু নির্বাচনে প্রশাসন ‘পক্ষপাতদুষ্টু’ আচরণ করছে এবং একটা পক্ষকে জেতাতে কৌশল করছে।

শিক্ষার্থীদের মতামত ও পর্যবেক্ষণের প্রেক্ষিতে তাদের মনে হয়েছে নির্বাচনে 'আচরণবিধি লঙ্ঘন' হলেও প্রশাসন 'নির্বিকার', কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাদের।

সর্বশেষ শেখ মুজিবুর রহমান হল ও জগন্নাথ হলে প্রচার কাজ শেষ করেন বাগছাস সমর্থিত প্যানেল বৈষম্যবিরোধী ছাত্র সংসদ।

ছয় দিন পর হাসপাতাল থেকে ছুটি নিয়ে শেষ দিনের ভোটের প্রচারে আসেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের জিএস প্রার্থী মেঘমল্লার বসু।

দুপুরে হুইল চেয়ারে চেপে স্লোগান দিতে দিতে মধুর ক্যান্টিনের সামনে এলেন মেঘমল্লার বসু। এরপর সাংবাদিকদের সামনে তুলে ধরলেন এ ক’দিন ক্যাম্পাসে থাকতে না পারার কারণ।

তিনি বলেন, “আপনারা ভোটকেন্দ্রে আসুন, যাকে খুশি ভোট দিন। তবুও ভোটকেন্দ্রে আসুন। আমি শারীরিক অক্ষমতার কারণে ভোটারদের কাছে পৌঁছাইতে পারি নাই। আমাকে যোগ্য প্রার্থী মনে করলে প্লিজ আমাকে ভোট দিন।”

এদিন মধুর ক্যান্টিন থেকে শুরু করে সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা, কলাভবন, ভিসি চত্বর, রোকেয়া হল ও সর্বশেষ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলসহ বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে দেখা গেছে এ প্যানেলের প্রার্থীদের।

বিকালে মধুর ক্যান্টিন থেকে ভিন্নধর্মী মিছিল নিয়ে প্রচারে নামেন ‘প্রতিরোধ পর্ষদ’প্যানেলের প্রার্থী ও সমর্থকরা।

ডাকসু নির্বাচনের প্রচারের শেষদিনে কার্জন হল, বিজ্ঞান লাইব্রেরি, খাদ্য ও পুষ্টি, গণিত ভবন সহ আশেপাশের এলাকায় প্রচারণা চালিয়েছে উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোববার প্রচার-প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। ক্যাম্পাসজুড়ে দিনভর প্রচার চালান তারা। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রোববার প্রচার-প্রচারণার শেষ দিন ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। ক্যাম্পাসজুড়ে দিনভর প্রচার চালান তারা

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন এলাকা থেকে আগত বাস, ব্যবসায় অনুষদ, কলাভবন, বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হলে প্রচার চালাতে দেখা যায়। রাতে রোকেয়া হলে প্রচারের মধ্যদিয়ে তাদের প্রচার শেষ হয়।

সকালে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শেষ দিনের প্রচার শুরু করেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। এদিন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের প্রচার চালাতে দেখা গেছে।

সন্ধ্যায় রোকেয়া হলে প্রজেকশন মিটিং করেন এই প্যানেলের প্রার্থীরা; প্রচারের শেষ সময়ে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে শিবির।

এদিন সাদিক কায়েম অভিযোগ করেন, ডাকসু ভোটের নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘অপেশাদার আচরণ’ ও ‘একটি দলের প্রতি’ পক্ষপাত করছে।

তিনি বলেন, “আমরা বলেছি তারা আমাদের শিক্ষক তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায়, তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে।”