ডাকসু: ব্রেইলেও নেওয়া হবে ভোট, আছেন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীও
“যাদের প্রতিবন্ধকতা আছে, তারা ডাকসুতে যেতে পারলে, তাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে; আমরা কাছে এটা মুখ্য মনে হয়,” বলেন তফসিরুল্লাহ।
জন্মগত দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. তফসিরুল্লাহর। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি।
নির্বাচনি লড়াইয়ে মাঠে নেমে নানা প্রতিবন্ধকতা যেমন তাকে পেরোতে হচ্ছে, তেমনি ভোট দেওয়ার ক্ষেত্রে ‘স্বাধীনতা ও গোপনীয়তা’ রক্ষার বিষয়েও ভাবতে হচ্ছে তাকে।
তফসিরসহ অন্তত তিন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী এবার ভোটের লড়াইয়ে নেমেছেন। দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, এমন ভোটার পাওয়া গেছে ৩০ জন।
এসব প্রার্থী ও ভোটারদের কথা বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো ব্রেইলে ব্যালট পেপার তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের ইতিহাসে এমন উদ্যোগ প্রথম হওয়ার কথা বলছে তারা।
প্রার্থী ও ভোটাররা বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধকতা মোকাবেলা করা শিক্ষার্থীদের প্রবেশগম্যতা বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তারা।
তফসিরের সঙ্গে ডাকসুতে একই পদে ছাত্রশিবির মনোনীত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে লড়ছেন আরেক প্রার্থী রাইসুল ইসলাম।
দৃষ্টি প্রতিবন্ধতা মোকাবেলা করা শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট তৈরির দায়িত্বে ছিলেন ডাকসু ভোটের রিটার্নিং কর্মকর্তা শারমীন কবীর।
ব্রেইলে ব্যালট তৈরির উদ্দেশ্য ব্যাখ্যা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের এই সহযোগী অধ্যাপক বলেন, “নতুনত্ব হচ্ছে ডাকসু এবং প্রতিটি হলের জন্য আলাদা আলাদা ব্যালট তৈরি করা হয়েছে।
“এতদিন পর্যন্ত যেটা হত, উনারা সহায়তাকারীকে নিয়ে যেতেন এবং উনারা কানে কানে বলতেন। সেখানে স্বাধীনতা খর্ব হত এবং গোপন রেখে ভোট দেওয়ার যে অধিকার, সেটা তারা পেতেন না। সে কারণে আমরা এখন এটাতে আসছি।”
তিনি বলেন, “শিক্ষার্থীদের একটা প্রত্যাশা ছিল আমাদের কাছে যে, ‘ম্যাডাম, নাউ অর নেভার’। হয় এখন হবে, আপনারা যদি না করেন, কখনোই হবে না। আমরা এটা করলাম। সামনে হয়ত বাংলাদেশ নির্বাচন কমিশনও এভাবে উদ্যোগ নিতে পারবে।”
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে এটা কখনও হয়েছে বলে আমাদের জানা নাই। যদি নির্বাচন কমিশন চায়, তাহলে আমরা আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারব, তাদেরকে ব্যালট পেপারগুলো দেখাতে পারব।”
ইতোমধ্যে আমাদের ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রতিটি ব্যালট পেপার ব্রেইল পদ্ধতিতে ছাপানো হওয়ার কথা তুলে ধরে শারমীন কবীর বলেন, “হল প্রশাসনের কাছ থেকে তালিকা পেয়েছি। সাতটি হল থেকে ৩০ জনের তালিকা পেয়েছি। কোনো কোনো জায়গায় প্রার্থীও ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড (দৃষ্টি প্রতিবন্ধী)।
“এই ৩০ জন ভোটার প্রথমবারের মতো ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবেন।”
এর মধ্যেও কেউ যদি ব্রেইলে ভোট দিতে না চান, বা অপারগ হন, তাহলে তারা ওএমআর ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানান এই রিটার্নিং কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সদস্য পদের প্রার্থী তফসিরুল্লাহ বলেন, “যারা ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড, তাদের জন্য ব্রেইলের ব্যবস্থা করছে, আর যারা হুইল চেয়ার ব্যবহার করে, তাদের জন্য যাতায়াত সহজ করার কথা বলছে।
“উদ্যোগটা ভালো। আমরা এটাকে সাধুবাদ জানাই। কিন্তু যদি বলেন যথেষ্ট কিনা, আমি বলব যথেষ্ট না আসলে।”
আরেক প্রার্থী রাইসুল ইসলাম বলেন, “আমাদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ব্যালট পেপার ছাপানোর উদ্যোগ নিয়েছে। যারা ‘ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড’, তাদের কথা বিবেচনায় নিয়ে ব্যালট পেপার হচ্ছে, এখন পর্যন্ত তাদের কাছ থেকে সহায়তা পাচ্ছি।”
ব্রেইল ব্যালট যেমন, যেভাবে ভোট
ডাকসু ও হল সংসদে এবারও ভোট নেওয়া হবে ওএমআর শিটে। ডাকসু ব্যালটের পরিসর ছয় পাতার; আর হল সংসদেরটা এক পাতার।
রিটার্নিং কর্মকর্তা শারমীন কবীর বলেন, “ডাকসুতে ব্রেইলে তৈরি ব্যালট হবে ৩০ পৃষ্ঠার। আর হল সংসদে ব্যালট হবে প্রার্থীর সংখ্যা বিবেচনায় ৩-৪ পাতার। এটা হালকা কাগজে হবে, যেভাবে ব্রেইল বই হয়ে থাকে।”
তিনি বলেন, ব্রেইল বুকলেটের প্রথম পাতায় দেওয়া থাকবে সূচিপত্র এবং পৃষ্ঠা নম্বর। সূচিপত্র দেওয়াতে দৃষ্টি প্রতিবন্ধকতা থাকা ভোটাররা সহজে নির্দিষ্ট পাতায় চলে যেতে পারবেন।
“এবং পেইজ নম্বরটা যেভাবে দেওয়ার কথা উনাদের, এনসিটিবি যেভাবে বলে যে, ‘নিচের দিকে’ ‘ডান দিকে’-সেভাবে করেছি।
দৃষ্টি প্রতিবন্ধকতা থাকা শিক্ষার্থীরা দুই গ্রুপে বিভক্ত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, একটা হচ্ছে, যার দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে এবং তিনি ব্রেইল পড়তে জানেন।
“আরেকটি গ্রুপ হচ্ছে, দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু ব্রেইলটা আগে জানতেন, এখন ভুলে গেছেন; অথবা কম দেখতে পান। কিছুটা দেখেন, কিন্তু আতশকাঁচ দিয়ে পড়েন।”
এদের মধ্যে যারা যেভাবে ভোট দিতে চান, সেভাবে দেবেন জানিয়ে তিনি বলেন, “আমরা বলেছি, আমরা ব্রেইলে করেছি। উনি যদি চান ব্রেইলে দেবেন, স্বাধীনভোবে এবং গোপনীয়তা রক্ষা করে। উনি ব্রেইল নিয়ে বুথে ঢুকে যাবেন।
“তিনি যদি ব্রেইল পড়তে না জানেন, সেক্ষেত্রে উনি বলবেন যে, আমিতো ব্রেইল জানি না, আমাকে আগের পদ্ধতিতে সুযোগ দেন।”
এক্ষেত্রে কেন্দ্র প্রধান উপস্থিত শিক্ষকদের মধ্য থেকে দুজনকে ওই শিক্ষার্থীর ভোট গ্রহণের দায়িত্ব দেবেন। এরপর একজন শিক্ষক ভোটারের কথা অনুযায়ী নির্দিষ্ট ব্যালটে ক্রস দেবেন এবং আরেকজন দেখবেন, ওই শিক্ষক ভোটারের পছন্দমতো জায়গায় ঠিকঠাক ক্রস দিচ্ছেন কিনা।
গণনা যেভাবে
ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার তৈরি করা হলেও তাদের ভোট গণনার জন্য লোক খুঁজে পেতে চ্যালেঞ্জে পড়ার কথাই বলেছেন সহযোগী অধ্যাপক শারমীন।
তিনি বলেন, “আমরা ব্রেইল পড়তে জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে একজন শিক্ষক ব্রেইল পড়তে জানেন। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করেছেন, তিনি পারছেন না। আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে এক্ষেত্রে সাপোর্ট নেব না।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের চেষ্টা করেও না পাওয়ার কথা তুলে ধরে শারমীন কবীর বলেন, “পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের বাইরে থেকে যাকে আনছি, উনি হচ্ছেন, দুই স্তরের চেকিংয়ের লাস্ট পর্যায়।”
বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রথমে আমরা যেভাবে পারি নর্মাল রিডিংয়ে আনব। সেই ব্রেইলটাতে কোনো রকম কোডিং থাকবে না, শিক্ষার্থী পরিচয়তো নাই-ই। শুধু ব্রেইলের সঙ্গে ওএমআরটাকে স্ট্যাপল করে দিবে।
“আরেকজন যিনি আসবেন বাইরে থেকে, উনি চেক করবেন যে, ব্রেইলের সাথে মিলিয়ে যিনি টিক দিয়েছেন, তিনি ঠিকঠাক দিয়েছেন কি-না।”
তফসিরুল্লাহ-রাইসুলদের প্রচার যেভাবে
ডাকসু ভোটের প্রচারে নেমে অন্য প্রার্থীদের মতো ভোটারদের দ্বারে দ্বারে গেছেন দৃষ্টি প্রতিবন্ধকতা মোকাবেলা করা শিক্ষার্থীরা; ভোটারদের কাছে পৌঁছাতে অন্যজনের সাহায্য নিতে গিয়ে অনেক সময় বিড়মন্বনায় পড়ার কথা বলছেন তারা।
তফসিরুল্লাহ বলেন, “আমি যেহেতু ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ডদের নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমার কাজে বেগ পেতে হচ্ছে না।
“তবে সব প্রার্থীর কথা যদি বলি, তারা দৃষ্টি প্রতিবন্ধকতা আছে- এমন ভোটারদের কাছে পৌঁছাতে পারছে না। দেখা যাচ্ছে, আমাদের লিফলেটটি দিয়ে চলে যাচ্ছে, আমরা পড়তে পারছি না। সেটা একটা ঝামেলার জায়গাতো আছেই।”
অন্য প্রার্থীদের বক্তব্য জানতে প্রতিবন্ধকতার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রচারণার সময়তো কারও সময় নাই আসলে লিফলেটটা আমাদের পড়ে শোনাবে। কাজেই আমরা চেষ্টা করতেছি বন্ধুদের মাধ্যমে যতটুকু শোনা যায়, জানা যায়। সার্বিকভাবে যোগাযোগটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ।”
ভোটের মাঠে ভালো রেসপন্স পাওয়ার কথা তুলে ধরে তফসিরুল্লাহ বলেন, “ভালো রেসপন্স পাচ্ছি, অনেকে বলছেন ভোট দেবেন। আবার অনেকে বলছেন লিফলেটটা পড়ে দেখবেন। মোটামুটি সব মিলিয়ে যদি বলি, ভালো।
“অনেকে একা লিফলেট দিতে চলে যাচ্ছে। আমার ক্ষেত্রে এটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আমার একজনকে খুঁজে বের করা লাগতেছে, সময় না মিললে দেখা যাচ্ছে, অনেক সময় বসে আছি; নিজে টুকটাক যতটুকু সম্ভব করতেছি। আবার আই কনটাক্ট না থাকলে সমস্যাতো হয়ই, কিন্তু সেটা নিরসনের চেষ্টা করছি।”
প্রচারের সময় শিক্ষার্থীদের সাড়া পাওয়ার কথা তুলে ধরে রাইসুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত যার কাছে যাচ্ছি সাড়া পাচ্ছি, যেখানে যাচ্ছি বসতে বলছে, নিজের কাছে যা থাকছে তাই খাওয়াচ্ছে, আমাকে বেশ আদর-যত্ন করে।”
তিনি বলেন, “প্রচারে অনেক চ্যালেঞ্জ ফেইস করতে হয়, কারণ আমাদের ইউনিভার্সিটিতো আমাদের উপযোগী করে তৈরি করা হয়নি। আমাদের অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, যেমন- সিঁড়ি, রুমের যে কাঠামো, করিডরগুলোতে আসবাবপত্রসহ অনেক কিছু থাকে। এগুলো বাদ দিলে বাকি সব ঠিক আছে।”
যেসব সমস্যার সমাধান চান তফসির-রাইসুলরা
দৃষ্টি প্রতিবন্ধকতা আছে, এমন শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো প্রথমে সমাধানে উদ্যোগ নেওয়ায় জোর দেন ডাকসুতে সদস্যপদের দুই প্রার্থী তফসিরুল্লাহ ও রাইসুল ইসলাম।
তফসিরুল্লাহ বলেন, “ডাকসুর কাজ হলো যেসব সমস্যা আছে, সেগুলো নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা। সেক্ষেত্রে অ্যাক্সেসিবিলিটি নিয়ে যে সমস্যাগুলো আছে, সিলেবাস থেকে শুরু করে চলাচল এবং অবকাঠামোগত, এগুলো নিয়ে ডাকসু আসলে বলতে পারে যে, এগুলোর সমাধান কী হতে পারে, কিংবা কীভাবে করা উচিত। ডাকসুতো চাইলে সবকিছু নিজে করে ফেলতে পারবে না। প্রশাসনের সঙ্গে মিলে কাজটা করতে পারে।
“যাদের ডিজ্যাবিলিটি আছে, তারা ডাকসুতে যেতে পারলে, তাদের সমস্যাগুলো স্পষ্টভাবে তুলে ধরতে পারবে। আমরা কাছে এটাকে মুখ্য মনে হয়।”
ক্যাম্পাসে চলতে-ফিরতে এবং অ্যাকাডেমিক কাজে প্রতিবন্ধকতা রয়েছে- এমন শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হওয়ার কথা বলেন তফসিরুল্লাহ।
সব ধরনের প্রতিবন্ধিতার ক্ষেত্রে অ্যাক্সেসিবিলিট’ সংক্রান্ত সমস্যা মোকাবেলা করে বলে জানিয়ে তিনি বলেন, “আমরা ক্যাম্পাসে ঢুকতে গেলেই আমাদেরকে একটা বাধা ফেইস করতে হবে। যেমন, এই রাস্তাগুলো যে ক্রস করবে একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ তার পক্ষে উইলচেয়ার নিয়ে ক্রস করাটা সো টাফ। আর ভিজুয়াল ইম্পেয়ারদেরতো তার জন্যও টাফ।
“দেখা যাচ্ছে যে, এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নাই। সে ক্ষেত্রে আমার একটা সাদাছড়ি দেখলে কিংবা একটা হুইল চেয়ার ব্যবহারকারীকে দেখলে, কীভাবে চলবে-এরকম কোনো নির্দেশনাও নাই। সেক্ষেত্রে আমাদের চলাফেরায় সমস্যা হচ্ছে।”
তিনি বলেন, “দৃষ্টি প্রতিবন্ধীরা হয়ত কারও সহযোগিতা নিয়ে ঢুকতে পারছেন, কিন্তু ভিতরে গিয়ে কোন রুমে যেতে হবে, কীভাবে যাবে, কোনটা কোন রুমে, এগুলা নিয়ে অনেক ঝামেলা হচ্ছে। এইগুলা হচ্ছে মূল সমস্যা।”
রাইসুল ইসলাম বলেন, “আমি কাজ করেছি ফিজিক্যালি চ্যালেঞ্জড ও পার্সনস উইথ ডিজ্যাবিলিজ নিয়ে। সুতরাং আমি যদি ডাকসুতে নির্বাচিত হই, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে সমস্ত সিদ্ধান্ত হয়, বা আমাদের ক্যাম্পাস সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে, যেমন অ্যাকাডেমিক, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অবকাঠামোগত সমস্যা—এসব সমাধানে কাজ করব।
“বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে আমাদের কনসার্নগুলো, আমাদের চাহিদা, আমাদের চাওয়া-পাওয়া, উনাদের জানাব; ওই জায়গা থেকে কাজটা করতে চাই। অর্থাৎ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করব।”
সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেহেতু এটা একটা সুযোগ আমাদের বক্তব্য তুলে ধরার, একটা অংশীজন হিসেবে প্রতিনিধিত্ব করার, সেদিক থেকে বলব নির্বাচনের ক্ষেত্রে, আপনারা যারা শারীরিকভাবে নানা প্রতিবন্ধকতায় আছেন, তারা আসুন নির্বাচন কেন্দ্রে, ভোট দিন, নিজের অধিকার প্রয়োগ করুন। যাকে ভালো মনে হয় যে, যাকে আপনার যোগ্য মনে হয়, আপনাদের জন্য কাজ করবে মনে হয়, তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।”
