ডাকসু ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া?
“তবে, বর্ষাকাল তো, আকাশ কিছুটা মেঘলা থাকবে। আর সকালের দিকে যদি হালকা বৃষ্টিও হয়, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের ভোট উৎসবে বৃষ্টি বাগড়া দেওয়ার তেমন আশঙ্কা দেখছে না আবহাওয়া অফিস।
ছয় বছর পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোট দেবেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে তুলনামূলকভাবে আবহাওয়াটা শুষ্ক থাকার সম্ভাবনা আছে। আজকে (সোমবার) তো একটু বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, কাল বৃষ্টির সম্ভাবনা কম।
“তবে, বর্ষাকাল তো, আকাশ কিছুটা মেঘলা থাকবে। আর সকালের দিকে যদি হালকা বৃষ্টিও হয়, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।”
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই সময়ে রাজধানী ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ ২৯ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে।
এই সময়ে ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া আরিচা, রাজশাহী, খুলনা ও চুয়াডাঙ্গায় পারদ উঠেছে ৩৬ ডিগ্রিতে। অর্থাৎ, সবগুলো অঞ্চলের ওপর দিয়েই মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
