১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোটিফে আগুন: আওয়ামী লীগ-ছাত্রলীগের ‘অজ্ঞাতদের’ বিরুদ্ধে ঢাবির মামলা

“সিসিটিভি ভিডিওতে দেখা যাওয়া সন্দেহভাজন যুবককে শনাক্ত করতে আমরা কাজ করছি,” বলেন ওসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2025, 10:15 PM

Updated : 26 Aug 2026, 12:29 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণ শোভাযাত্রার মোটিফে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ ছাত্রলীগের নাম না জানা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

শনিবার বিকালে শাহবাগ থানায় মামলাটি করা হয় বলে জানিয়েছেন থানার ওসি মো. খালিদ মনসুর।

তিনি বলেন, “ঢাবি প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন যুবককে শনাক্ত করতে আমরা কাজ করছি।”

ঢাবির এস্টেট অফিসের কর্মকর্তা মোহাম্মদ আমানুল্লাহর করা মামলার এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এবং ছাত্রলীগসহ নাম না জানা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এজাহারে তিনি ‘ভীতি সঞ্চারের জন্য অন্তর্ঘাতমূলক’ এই কাজের মাধ্যমে পহেলা বৈশাখের শোভাযাত্রা বানচালসহ দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আগুন দেওয়ার অভিযোগ আনেন।

এর আগে সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে সন্দেহভাজন এক যুবককে চারুকলা অনুষদের ভেতরে ঢুকে আগুন দিতে দেখতে পাওয়ার কথা বলেছিলেন শাহবাগ ওসি।

শনিবার ভোরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আগুন লেগে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার’ জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’ মোটিফ পুড়ে যায়।

এ ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে পুলিশ।

অপরদিকে মোটিফ পুড়ে যাওয়ার ঘটনার পেছনে ‘ক্ষমতাচ্যুত সরকারের দোসরদের’ হাত রয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফেইসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে ‘হাসিনার দোসররা’।

আগের দিন শুক্রবার আয়োজন সংশ্লিষ্টরা বলেছিলেন, এবার শোভাযাত্রায় এবার বড়, মাঝারি এবং ছোট মোটিফ থাকবে।

এর মধ্যে বড় মোটিফ থাকবে ৬টি। সবার সামনে থাকবে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। নারীর দাঁতাল এই মুখাবয়বে মাথায় রয়েছে খাড়া দুটো শিং।

এ ঘটনার সিসিটিভি ভিডিও দেখে এক যুবককে আগুন দিতে দেখতে পাওয়ার তথ্য দিয়ে চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল বলেন, ওই যুবক মাত্র দেড় মিনিটের মধ্যে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে একইভাবে চলে যান।

“আমরা সিসিটিভি ফুটেজে একজনকে দেখেছি। আমাদের দুই তিনটা ক্যামেরাতে ধরা পড়েছে। যার পরনে ছিল কালো রঙের টিশার্ট এবং মুখে মাস্ক ছিল।”

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করে।

‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ আগুনে পুড়ে যাওয়ার ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করেছে জাতীয়তাবাদী মতাদর্শের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আপাতদৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা এক্সিডেন্টাল না, কেউ ইনটেনশনালি এটা করছে। এটুকু আমরা নিশ্চিত।”

আরও পড়ুন

'দেড় মিনিটে চারুকলায় ঢুকে মোটিফে আগুন দেন এক যুবক' 

চারুকলায় মোটিফে আগুন 'উদ্দেশ্যপ্রণোদিত': পুলিশ

চারুকলায় 'ফ্যাসিবাদের মুখাবয়ব' পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

চারুকলায় পুড়ল 'ফ্যাসিবাদের মুখাকৃতি' ও 'শান্তির পায়রা' মোটিফ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে বাম ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ

'মঙ্গল' বদলে 'আনন্দ শোভাযাত্রা' কেমন হবে, জানাল চারুকলা

নাম বদলে মঙ্গল শোভাযাত্রা এখন 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'