২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ভাড়া নিয়ে সংবাদের প্রতিবাদ মধুমতি ব্যাংক ও বেঙ্গল গ্রুপের, প্রতিবেদকের বক্তব্য

বেঙ্গল হাউসের কোনা জায়গা মধুমতি ব্যাংক ভাড়া নেয়নি, বলেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:03 PM

Updated : 25 Nov 2026, 11:03 PM

‘বেঙ্গল হাউসে কীসের ভাড়া মিটিয়ে যাচ্ছে মধুমতি ব্যাংক?’ শিরোনামে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার প্রতিবাদ জানিয়েছে ব্যাংক ও বেঙ্গল গ্রুপ।

তারা দাবি করেছে, প্রতিবেদনের তথ্য ‘বিভ্রান্তিকর’ ও সঠিক নয়।

মধুমতি ব্যাংকের তরফে বলা হয়েছে, “গুলশান-২ এর ৬৩ নম্বর সড়কের ১২/এ নম্বর হোল্ডিংয়ের বেঙ্গল হাউস নামে ওই ভবনের মধুমতি ব্যংকের কোনো শাখা বা দাপ্তরিক কার্যক্রম নেই, কোনো সাইনবোর্ডও নেই।”

তাদের ‘গুলশান শাখা’ ৭৫, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা- এ ঠিকানায় অবস্থিত তুলে ধরে বলা হয়েছে, শাখাটি যে ভবনে, তার মালিকানা বেঙ্গল গ্রুপের। আর ‘বেঙ্গল হাউস’ এ মালিকের ‘আবাসিক ঠিকানা’।

প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘যথাযথ অনুমোদন’ নিয়ে ভবনটির আংশিক মধুমতি ব্যাংকের গুলশান শাখার জন্য ভাড়া নেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে চুক্তিপত্র অনুসরণ করে বেঙ্গল গ্রুপের আবাসিক ঠিকানা হাউজ নম্বর-১২/এ, রোড নম্বর-৬৩, গুলশান-২, ঢাকা-১২১২ লেখা হয়েছে।

ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে, “ভাড়ার চুক্তিপত্রে পক্ষ হিসেবে বেঙ্গল গ্রুপের আবাসিক ঠিকানা ও মধুমতি ব্যাংকের গুলশান শাখার প্রকৃত ঠিকানা দুটোই উল্লেখ থাকায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়। আলোচনার সময় সংশ্লিষ্ট প্রতিবেদককে বিষয়টি অবহিত করা হয়েছিল।”

প্রতিবাদপত্রে বলা হয়েছে, সবধরনের ‘নিয়মনীতি মেনে’, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে চুক্তির শর্তের ভিত্তিতে গুলশান শাখার (৭৫, গুলশান এভিনিউ, ঢাকায় অবস্থিত) জন্য অগ্রিমসহ মাসিক ভাড়া বাবদ বেঙ্গল গ্রুপকে গত ১৩ বছরে সর্বমোট ২৪ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

এ অর্থ পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বা দেশের প্রচলিত আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলে দাবি করেছে মধুমতি ব্যাংক।

“প্রতিবেদনের উল্লেখিত ১৩ বছরে ৫৯ কোটি টাকা পরিশোধের তথ্যটি সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন,” বলা হয়েছে প্রতিবাদপত্রে।

মধুমতি ব্যাংক বলেছে, “সংশ্লিষ্ট চুক্তিপত্রের শর্তাবলি অনুসরণ করেই ভাড়া নির্ধারণ ও পরিশোধ করা হয়েছে। এছাড়া, চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় অন্তর ভাড়া পুনঃনির্ধারণ বা সমন্বয়ের বিধান আছে, যা চুক্তির শর্ত এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হয়।”

প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে বেঙ্গল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু কখনও মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন না। তিনি ছিলেন উদ্যোক্তা পরিচালক।

গুলশান-২ এর বেঙ্গল হাউসের বিষয়ে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তরফেও প্রায় একই ভাষায় প্রতিবাদপত্র দেওয়া হয়েছে।

তারা বলেছে, “মধুমতি ব্যাংকের সঙ্গে সম্পাদিত ভাড়াচুক্তি অনুযায়ী ওই আবাসিক ভবনের কোনো অংশ কখনো মধুমতি ব্যাংককে ভাড়া দেওয়া হয়নি এবং সেখানে ব্যাংকের কোনো শাখা বা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয়নি।”

বেঙ্গল গ্রুপ মধুমতি ব্যাংকের গুলশান শাখাকে তারা গুলশান-১ এর গুলশান এভিনিউয়ে ৭৫ নম্বর ভবনের জায়গা ভাড়া দেওয়ার কথা বলেছে। এছাড়া বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির যে কখনো মধুমতি ব্যাংকের চেয়ার ছিলেন না, সে কথাও তুলে ধরেছে তারা।

প্রতিবেদকের বক্তব্য

মধুমতি ব্যাংক প্রতিষ্ঠার পর অর্থাৎ ২০১৩ সাল থেকে সবশেষ ২০২৫ সাল পর্যন্ত বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বার্ষিক প্রতিবেদনগুলো মধুমতি ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকেও এ প্রতিবেদন সংরক্ষিত থাকে।

বেঙ্গল হাউসে মধুমতি ব্যাংকের যে কোনো দাপ্তরিক কার্যক্রম নেই তা বিডিনিউজের প্রতিবেদনেও বলা হয়েছে।

ভবনটির তত্ত্বাবধায়কও বলেছেন, নির্মাণের পর থেকে সেখানে ‘মালিকপক্ষের’ লোকজনই আছে। মধুমতি ব্যাংকের কোনো শাখা বা কার্যালয় সেখানে কখনো ছিল না।

সে কারণে প্রতিবেদন তৈরির সময় বাড়ি ভাড়ার বিষয়ে মধুমতি ব্যাংকের কাছে একাধিকবার জানতে চাওয়া হয়। সবশেষ আর্থিক প্রতিবেদনের যে পৃষ্ঠায় (২৮৫ নম্বর) বাড়ি ভাড়ার তথ্য রয়েছে, তার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। তবে ব্যাংক সাড়া দেয়নি।

এ বিষয়ে জানতে বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয় ও আর্থিক প্রতিবেদনে থাকা ঠিকানায় দুইবার গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তথ্য জানার চেষ্টা করেছে।

বক্তব্য জানতে বেঙ্গল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের উদ্যোক্তাদের একজন হুমায়ুন কবির বাবলুর দপ্তরে গেলেও তিনি বক্তব্য দেননি। পরে হোয়াটসঅ্যাপে তাকে একাধিকার ফোন করলেও তিনি ধরেননি, বার্তা পাঠালেও সাড়া দেননি।

বেঙ্গল হাউসে হুমায়ুন কবির বাবলুর বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী, মধুমতি ব্যাংকের পরিচালক আরিফা কবিরকেও তখন পাওয়া যায়নি সেই বাসায় গিয়ে।

ভিজিটিং কার্ড রেখে এলেও তাদের তরফে সাড়া মেলেনি।

মধুমতি ব্যাংকে হুমায়ুন কবির নামে দুজন উদ্যোক্তা রয়েছেন। ২০১৪ সালে একই নামে একজন ব্যাংকটির চেয়ারম্যান ও অপরজন পরিচালক ছিলেন। সবশেষ ২০২৪ সালেও দুজনই পরিচালনা পর্ষদে ছিলেন। অসাবধানতাবশত প্রতিবেদনে হুমায়ুন কবির বাবলুকে মধুমতি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বলা হয়েছে।