বেক্সিমকো গ্রুপের ২ কোম্পানিকে ছাড়
বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকসকে কিছু শর্ত দিয়ে এ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যবসা সচল রাখতে আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান— বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানিকে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার দুটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ ও শাইনপুকুর সিরামিকসের ব্যবসা স্বাভাবিক করতে এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
বেক্সিমকো এলপিজি ইউনিট-১ সম্পর্কে সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি এ কোম্পানিটির শতভাগ মার্জিনের বিপরীতে ঋণপত্র খোলা ও চলতি মূলধন সরবরাহের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক (৩) ধারার নিষেধাজ্ঞা শিথিল থাকবে। শিথিলের মেয়াদ হবে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের ২৭ কক(৩) ধারায় বলা হয়েছে, খেলাপি ঋণ কোনো গ্রাহককে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোনো ধরনের ঋণ দিতে পারবে না। আইনের এ ধারার কারণে বেক্সিমকো গ্রুপের ঋণখেলাপি কোম্পানি বেক্সিমকো এলপিজি ইউনিট-১ কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা পাচ্ছিল না। তাতে কোম্পানিটির পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
এ অবস্থায় কোম্পানিটিকে আইনের ওই ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ জন্য অবশ্য কোম্পানিটিকে শর্তও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তাতে বলা হয়েছে, ঋণখেলাপি কোম্পানিটিকে নতুন করে দেওয়া ঋণ সুবিধার বিপরীতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের কোনো দায় তৈরি হবে না। এমনকি এ জন্য ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংক সরকার ও বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।
এছাড়া নতুন করে ঋণ সুবিধা পেতে হলে বেক্সিমকো এলপিজি ইউনিট-১ কে তার সব ধরনের আয় নির্দিষ্ট একটি ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। সেই আয় থেকে ন্যাশনাল ব্যাংকের পাওনা আনুপাতিক হারে নিয়মিত পরিশোধ করতে হবে।
একই ধরনের সুবিধা দেওয়া হয়েছে শাইনপুকুর সিরামিকসকেও। কোম্পানিটি রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংকের খেলাপি গ্রাহক। বাংলাদেশ ব্যাংক বলছে, ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও কোম্পানিটির বিপরীতে বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন সীমা নবায়নের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, রাষ্ট্রীয় স্বার্থে কোম্পানিটিকে এই ছাড় দেওয়া হয়েছে। তবে খেলাপি কোম্পানি হওয়া সত্ত্বেও নতুন করে ঋণ সুবিধা পেতে শাইনপুকুর সিরামিকসকেও বেক্সিমকো এলপিজির মতো শর্ত পালন করতে হবে।
বেক্সিমকো গ্রুপের এই দুই কোম্পানিকে দেওয়া আইনি ছাড়ের বিষয় সংক্রান্ত সার্কুলার দুটি দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) পাঠানো হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর সরকারি চার প্রকল্পে পণ্য সরবরাহে দরপত্র পাওয়া বেক্সিমকো গ্রুপের আরেক প্রতিষ্ঠান বেক্সিমকো কম্পিউটার্সের প্রায় ১৬ কোটি টাকার ব্যাংক গ্যারান্টির মেয়াদ নবায়নের সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া এক্সিম ব্যাংক এ গ্যারান্টি দিয়েছিল। একীভূত হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদ এ গ্যারান্টির মেয়াদ বাড়াতে পারবে বলে অনাপত্তি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সুযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
