ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক ও পুঁজিবাজার
ব্যাংক ও পুঁজিবাজার খুলেছে সকাল ১০টায়, ব্যাংকের লেনদেন চলবে সাড়ে তিনটা পর্যন্ত, আর পুঁজিবাজারে দুপুর আড়াইটায় শেষ হবে লেনদেন।
ঈদুল ফিতরের টানা পাঁচ দিনের ছুটি শেষে ব্যাংক ও পুঁজিবাজার খুলে গেছে, স্বাভাবিক নিয়মে চলছে লেনদেন।
সোমবার আগের নিয়ম অনুযায়ী সকাল ১০টা থেকে চালু হওয়া ব্যাংক খোলা থাকবে বিকাল ৫টা পর্যন্ত, তবে লেনদেন চলবে সাড়ে ৩টা পর্যন্ত।
অন্যদিকে পুঁজিবাজারের স্বাভাবিক সময়ের মত সকাল ১০টা থেকে লেনদেনও শুরু হয়েছে, যা চলবে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।
ঈদের ছুটি শুরু হওয়ার আগে লেনদেনের এই সূচি জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
এবারে ঈদের ছুটি শুরু হয়েছে কার্যত ১৯ এপ্রিল শবে কদরের ছুটি থেকেই। কারণ শবে কদর আর ঈদের ছুটির মাঝে একমাত্র কর্মদিবস পড়েছিল ২০ এপ্রিল; ওই একটি দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। তাই ঈদ ঘিরে সরকারি অফিসের সঙ্গে টানা ৫ দিনের ছুটি হয় ব্যাংকসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে।
ছুটির সময়ে সাধারণ ব্যাংকের শাখা বন্ধ থাকলেও বরাবরের মত বিকল্প পদ্ধতিতে এটিএম বুথ ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় লেনদেন করার সুযোগ ছিল।
ছুটির সময়ে এটিএম বুথে যেন টাকার সমস্যা না হয় সেজন্যও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও নির্দেশনা ছিল।
তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ঈদের আগে ১৯, ২০ ও ২১ এপ্রিল তৈরি পোশাক শিল্প এলাকায় সব ব্যাংক খোলা রাখা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংক খোলা রাখতে হবে।
