২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ হাজার কোটি টাকার ‘রপ্তানি সহায়ক তহবিল’ গঠন

এ তহবিল থেকে রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানির জন্য ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ২০০ কোটি টাকা ঋণ পাবেন ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2023, 02:53 PM

Updated : 02 Jan 2023, 02:53 PM

রপ্তানি খাতে তারল্য নিশ্চিত করতে ১০ হাজার কোটি টাকার ‘রপ্তানি সহায়ক তহবিল’ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

এ তহবিল থেকে রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানির জন্য ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ২০০ কোটি টাকা ঋণ পাবেন ব্যবসায়ীরা।

আর যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এই তহবিলের আওতায় ঋণ দেবে, তারা দেড় শতাংশ সুদে বাংলাদেশ থেকে পাবে অর্থায়ন।  

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ রোববার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

বৈদেশিক মুদ্রায় বিদ্যমান রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বন্ধের আলোচনার মধ্যেই নতুন এ তহবিল গঠন করল কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রে ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার লক্ষ্যে রপ্তানি খাতকে সহায়তা প্রদান করা প্রয়োজন। তাছাড়া কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক অভিঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর রপ্তানি কার্যক্রম বেগবান করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়টিও গুরুত্বপূর্ণ।

“বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার বিপরীতে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি দেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এ খাতের জন্য পর্যাপ্ত তারল্য নিশ্চিত করতে সহজ শর্তে একটি রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) গঠন করা হল।”

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এ তহবিলের অর্থ থেকে ঋণ পাওয়া যাবে ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের মাধ্যমে। বিদেশের পাশাপাশি স্থানীয় সরবরাহকারীর কাছ থেকেও ওই অর্থে কাঁচামাল কেনা যাবে।

তবে কোনো খেলাপি গ্রাহক বা কোম্পানি এই তহবিলের আওতায় ঋণ পাবেন না। এই তহবিল থেকে ঋণ নেওয়ার পর গ্রাহকের রপ্তানির অর্থ হাতে আসার আগ পর্যন্ত ‘রপ্তানি সহায়ক তহবিল’ থেকে নতুন করে কোনো ঋণ ওই গ্রাহককে দেওয়া হবে না। 

গ্রাহক যদি রপ্তানি ঋণপত্রের বিপরীতে কাঁচামাল আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো তহবিল থেকে সুবিধা নিয়ে থাকেন, তিনিও নতুন এ তহবিলের আওতায় কোনো ধরনের ঋণসুবিধা পাবেন না।

যে ব্যাংক এ তহবিল থেকে অর্থায়ন নেবে, গ্রাহক পর্যায়ে তার ঋণের মেয়াদ যাই হোক না কেন, বাংলাদেশ ব্যাংককে টাকা ফেরত দিতে হবে ছয় মাসের মধ্যে। সুদসহ এককালীন পরিশোধ করতে হবে ওই অর্থ।

তবে রপ্তানিমূল্য ফেরত পেতে বিলম্বের ‘যৌক্তিক কারণ’ থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালক পর্ষদের অনুমোদনের ভিত্তিতে ওই মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ইডিএফের আওতায় দেওয়া ৭০০ কোটি ডলারসহ মোট ৮৪০ কোটি ডলার যোগ করে রিজার্ভের যে হিসাব বাংলাদেশ দেখায়, তাতে আপত্তি ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমমএফের।

আইএমমএফের কাছ থেকে ঋণ প্রাপ্তির সমঝোতা হওয়ার পর ইডিএফের বিকল্প খোঁজার কথা বলা হচ্ছিল। সে সময় নতুন তহবিলের ঘোষণা এল।