১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পূজার ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি

দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 07:12 PM

Updated : 15 Oct 2026, 07:12 PM

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে তিনদিনের ছুটিতে দেশের সব কাস্টম হাউস ও স্টেশন দিয়ে সীমিত আকারে চালু থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সীমিত আকারে হলেও কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার দেশের সব কাস্টম হাউস ও স্টেশনকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে সারাদেশ। এরমধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ।

যেহেতু শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে, তাই বাকি তিনদিনের ছুটির জন্য এ নির্দেশনা জারি করা হল। তবে এ পাঁচদিনই বন্ধ থাকবে দেশের ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারসহ আর্থিক খাত।

রোববার রাতে এ বিষয়ে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রলায়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

ছুটি সমন্বয় করায় আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক স্বাভাবিক সূচিতে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও পূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরও সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।