১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ

ছুটি শুরুর আগের শনিবার, অর্থাৎ ১৭ অক্টোবর লেনদেন চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 05:14 PM

Updated : 12 Oct 2026, 05:14 PM

দুর্গাপূজায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত।

সরকারি কর্মদিবস ও ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে একই সময়ের জন্য বন্ধ থাকবে দেশের পুঁজিবাজারও।

পাঁচ দিনের মধ্যে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ।

রোববার রাতে এ বিষয়ে সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রলায়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) ব্যাংক বন্ধ থাকবে।

ছুটি সমন্বয় করায় আগামী ১৭ অক্টোবর শনিবার ব্যাংক স্বাভাবিক সূচিতে খোলা থাকবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও পূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরও সরকারি দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি কর্মদিবস ও ব্যাংকের লেনদেনর সঙ্গে সমন্বয় করে চলে দেশের পুজিবাজারের লেনদেনও।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। এরপর শুক্রবার ও শনিবারের (২৩ ও ২৪ অক্টোবর) সাপ্তাহিক ছুটি শেষে লেনদেন শুরু হবে ২৫ অক্টোবর রোরবার থেকে।

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ অক্টোবরও পুঁজিবাজার খোলা থাকবে বলে ডিএসই জানিয়েছে।