বিটিআরসির নতুন চেয়ারম্যানের সঙ্গে অ্যামটব নেতাদের সাক্ষাত
চলতি সপ্তাহেই বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এ সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসা মহিউদ্দীন আহমেদ।
টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব শীর্ষ নেতারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যামটব জানিয়েছে, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সদস্যভুক্ত অপারেটরগুলোর প্রতিনিধিরা বৃহস্পতিবার মহিউদ্দীন আহমেদের সঙ্গে সাক্ষাত করেন।
চলতি সপ্তাহেই বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এ সংস্থার ভাইস চেয়ারম্যান (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করে আসা মহিউদ্দীন আহমেদ। বৃহস্পতিবার ছিল তার তার প্রথম কর্মদিবস। বিটিআরসির সদ্য সাবেক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের মেয়াদ শেষ হয় বুধবার।
শুভেচ্ছা বিনিময় শেষে বিটিআরসির নতুন চেয়ারম্যান অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যামটবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াসির আজমানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ডিরেক্টর হোসেন সাদাত, অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার, বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি বিভাগের উপপরিচালক মোস্তফা কামাল মাসুদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান, বাংলালিংকের হেড অফ কর্পোরেট কমিউনিকেশনস তৌহিদ আহমেদ, রবির ভাইস প্রেসিডেন্ট শাহ ফজলে খুদা এবং টেলিটকের উপমহাব্যবস্থাপক মামুন রশিদ।
অ্যামটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার আলোচনায় বলেন, “আমরা নিশ্চিত যে একজন অভিজ্ঞ প্রকৌশলী হিসেবে টেলিকম রেগুলেশন এবং ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতার কারণে মহিউদ্দীন আহমেদ এই খাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতে সক্ষম হবেন। তার দিকনির্দেশনায় টেলিযোগাযোগ শিল্প নতুন এবং সৃজনশীল উন্নয়নের পথে আরও বেগবান হবে এবং দেশের ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সামনের দিনগুলোতে তার নির্দেশনায় বিটিআরসি এবং টেলিকম খাত একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যাবে।"
