২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যন্তরীণ পর্যটনের বিকাশে জোর নতুন পর্যটন উপদেষ্টার

আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই।

অভ্যন্তরীণ পর্যটনের বিকাশে জোর নতুন পর্যটন উপদেষ্টার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আকর্ষণীয় পর্যটন গম্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথমে ডমেস্টিক ট্যুরিজমের বিকাশে গুরুত্ব দিতে হবে।

“এজন্য পর্যটন স্পটগুলোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি করতে হবে। বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।” 

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন।

প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুর পর এই মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের অধীনে ছিল। পরে গেল মঙ্গলবার শেখ বশিরউদ্দীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। তিনি বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিমান উপদেষ্টা বলেন, “আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি  সুন্দর ও সম্ভাবনাময় স্বদেশ রেখে যেতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কাজ করতে হবে।” 

অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এ সময় উপস্থিত ছিলেন।