নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংকের শাখা চালু
এটি দেশে ব্যাংকটির ৩৯২তম শাখা।
নাটোরের বনপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নতুন শাখা চালু করেছে।
সোমবার নাটোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
এটি দেশে ব্যাংকটির ৩৯২তম শাখা বলে ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপ ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা. মারিয়াম খাতুন বক্তব্য রাখেন।
সংসদ সদস্য কুদ্দুস বলেন, ইসলামী ব্যাংক পেশাদারিত্ব ও আন্তরিক সেবার মাধ্যমে এ দেশের মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করেছে। পাশাপাশি বিশ্বসেরা ব্যাংকের তালিকায় স্থান পেয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে ব্যাংকটি।
ব্যাংকের এমডি বলেন, ইসলামী ব্যাংক দেশে কল্যাণমুখী ব্যাংকিং ধারার প্রবর্তক। সকল ব্যবসায়িক সূচকে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি এ ব্যাংক সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গোমেজ উপস্থিত ছিলেন।
