ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী নভেম্বরের মধ্যে দুটি উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নারী আসনের সাংসদ নূর-ই-হাসনা লিলির প্রশ্নের জবাবে গোলাম কাদের জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের মোট নয়টি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে চলাচল করছে।
নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিমান বর্তমানে অভ্যন্তরীণ রুট হিসেবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার স্টেশনে চলাচল করছে। বৈদেশিক রুট হিসেবে ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, হংকং, দিল্লী, কোলকাতা, করাচি, কাঠমুন্ডু, রিয়াদ, জেদ্দা, দাম্মাম, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইন, কুয়েত, মাস্কাট, লন্ডন ও রোম স্টেশনে বিমান চলাচল করছে।
নারী আসনের সাংসদ অপু উকিলের প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেই।
"তবে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী চলতি অক্টোবর ও নভেম্বর মাসে দুটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বিমান বহরে সংযোজিত হবে।"
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এগুলো হলো- ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।
শহীদুজ্জামানের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বাণিজ্যিক ইউনিটের সংখ্যা ৩৮টি। এর মধ্যে কর্পোরেশন সরাসরি নিয়ন্ত্রণ করে ২৩টি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৫টি পরিচালিত হয়।
মন্ত্রী এসব ট্রেনিং ইন্সটিটিউট, হোটেল, মোটেল, রেস্তোরা ও বারের নাম তুলে ধরেন।
নেত্রকোনা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে গোলাম কাদের জানান, গত অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ৮০ কোটি টাকা লোকসান হয়েছে।
চট্টগ্রাম-১০ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউরো আটলান্টিক থেকে নেওয়া উড়োজাহাজের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ ফেব্র"য়ারি ঢাকা-লন্ডন-ঢাকা সরাসিরি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত উড়োজাহাজ লিজের মাধ্যমে সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৫৬ ঘ.
bdnews24